Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / খেলা

এজবাস্টনে প্রথম এগারোয় কুলদীপকে নিয়ে জোর জল্পনা, কে ভাঙল ব্যাট, রেগে আগুন সিরাজ

বুধবার শুরু অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় টেস্ট। তার আগে প্রথম এগারো নিয়ে ধন্দে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লিডসে পাঁচটা শতরানের পরও হারতে হয়েছে।

এজবাস্টনে প্রথম এগারোয় কুলদীপকে নিয়ে জোর জল্পনা, কে ভাঙল ব্যাট, রেগে আগুন সিরাজ
  • ৩০ জুন, ২০২৫ ১৬:০৬
Prefer us on Google

এজবাস্টন: বুধবার শুরু অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফির দ্বিতীয় টেস্ট। তার আগে প্রথম এগারো নিয়ে ধন্দে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। লিডসে পাঁচটা শতরানের পরও হারতে হয়েছে। পরিষ্কার হয়ে গিয়েছে যে বিপক্ষের কুড়িটা উইকেট নেওয়ার মতো ধার নেই এই ভারতীয় বোলিংয়ে। অথচ, টেস্ট জিততে গেলে প্রতিপক্ষকে দু’বার আউট করতেই হবে। তাই বৈচিত্র্য ও তীক্ষ্ণতা বাড়াতে দলে রিস্টস্পিনার কুলদীপ যাদবকে খেলানোর পক্ষপাতী অনেকেই। ‘বাজবল’ থামাতে চায়নাম্যানই সেরা বাজি বলে সওয়াল চলছে। বলা হচ্ছে রিস্ট স্পিনের সামনে বেন স্টোকসদের আক্রমণাত্মক ব্যাটিং খাটবে না। শুক্র ও শনিবার নেটে কুলদীপকে লাইন-লেংথ নিয়ে অক্লান্তও দেখাচ্ছে। কিন্তু তিনি খেলবেন কার জায়গায়? তার উপর যশপ্রীত বুমরাহকেও সম্ভবত বিশ্রাম দেওয়া হবে এই টেস্টে। ফলে বোলিং কম্বিনেশন নিয়ে ধোঁয়াশা থাকছে। 

Advertisement

তাছাড়া তিন পেসার ও দুই স্পিনার খেলানো মানে ব্যাটিং গভীরতার সঙ্গে সমঝোতা করা। এমনিতেই হেডিংলে টেস্টের প্রথম ইনিংসে ভারতের শেষ সাত উইকেট পড়েছে মাত্র ৪১ রানে। দ্বিতীয় ইনিংসেও শেষ ছয় উইকেট পড়ে ৩১ রানে। তাই আট নম্বরে শার্দূল ঠাকুরের জায়গায় নীতীশ রেড্ডিকে নামিয়ে ব্যাটিং জোরদার করার ভাবনা রয়েছে। এই অবস্থায় আটে কুলদীপ মানে কার্যত সাতে জাদেজাতেই শেষ ব্যাটিং। পরের চারজনই টেলএন্ডার। সেই ঝুঁকি কি নেবে ভারত? উল্টো যুক্তিও রয়েছে। বোলাররা কম রানে ইংল্যান্ডকে থামাতে পারলে চাপ কম থাকবে ব্যাটারদের উপর। তাই পাঁচ বিশেষজ্ঞ বোলারেরই প্রয়োজন। সমস্যা একটাই, জাদেজা ছাড়া বিশেষজ্ঞ বোলারদের কেউ ব্যাটিংটা পারেন না।
সেজন্যই ভারতের নেটে টেলএন্ডাররা ব্যাটিংয়ে সময় দিচ্ছেন। মহম্মদ সিরাজ সেটা করতে গিয়েই শনিবার দেখেন তাঁর ব্যাট ভেঙে গিয়েছে। তিনি তখন রেগেমেগে জানতে চান, ‘কে ভাঙল আমার ব্যাট?’ তাঁর সেই হতচকিত অবস্থার ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পরে যদিও সিরাজ হাসতে থাকেন জোরে। প্রথম টেস্টে তাঁর বোলিং যদিও চিন্তায় রাখছে ক্রিকেটপ্রেমীদের। বুমরাহ না খেললে তিনিই হবেন নতুন বলে দলের সেরা অস্ত্র। কিন্তু তাঁর উপর ভরসা করা যাচ্ছে না একেবারেই।
ভারতীয় স্কোয়াডে না থাকা বাঁ-হাতি স্পিনার হরপ্রীত ব্রারকে শনিবার দেখা গিয়েছিল অনুশীলনে। তিনি বোলিংও করেন। চাঞ্চল্য তৈরি হয় এই ব্যাপারে। বোর্ডের পোস্ট করা ভিডিওতে তিনি অবশ্য সাফ বলেছেন, ‘বার্মিহাম থেকে ঘণ্টা দেড়েক দূরত্বে আমার স্ত্রী থাকে। সেখানেই ছিলাম। তখনই শুভমান গিলের সঙ্গে কথা হচ্ছিল। ওই টেক্সট করে আসার জন্য। সেজন্যই এসেছি।’ রবিবার যদিও গিলরা অনুশীলন করেননি। ছুটিতে ছিল গোটা দল।

Advertisement
সম্পর্কিত সংবাদ