নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: তাঁতশিল্পের ঐতিহ্যবাহী কেন্দ্র শান্তিপুর। আর সেই তাঁতশিল্পীদের উন্নয়নের লক্ষ্যে ডিসেম্বর মাসে রাজ্যে আসছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বিজেপির রাজ্য সভাপতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই ঘোষণা করেছেন। এমন জল্পনার মাঝেই তৃণমূলের পাল্টা সুর শোনা গেল রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের গলায়। বুধবার শান্তিপুরে এসে তিনি বলেন, রাজ্যের তাঁতিদের খেয়াল পশ্চিমবঙ্গ সরকার ঠিকঠাকই রাখছে। নির্বাচন সামনে বলে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রীর হঠাৎ তাঁতিদের কথা মনে পড়েছে। তবে তিনি চাইলে অবশ্যই আসতে পারেন, তাঁতিদের সঙ্গে কথা বলতে পারেন। কিন্তু, আমাদের সরকার তাঁদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করছে। কারণ আমরা নির্বাচন এলে নয়, সারা বছর তাঁতিদের খোঁজ নিই। একইসঙ্গে কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, নির্বাচন সামনে এলেই কেন্দ্রের মনে পড়ে বাংলার মানুষ, বাংলার শিল্প। অন্যদিকে, গত কয়েকদিন ধরে বিএলও নিয়োগ নিয়ে বিজেপির অভিযোগের জবাবেও সরব হন মন্ত্রী। দাবি করেন, বিএলও নিয়োগ রাজ্যের হাতে নেই। জাতীয় নির্বাচন কমিশন তা করে। তাই তৃণমূল ঘনিষ্ঠতার অভিযোগ ভিত্তিহীন। তাঁর প্রশ্ন, বহু জেলায় বিএলও বিজেপি ঘনিষ্ঠ বলেও খবর রয়েছে। তাহলে কি সেখানেও এসআইআর কাজ ব্যাহত হচ্ছে? এসআইআর ও সিএএ প্রসঙ্গেও আক্রমণ শানান তিনি। বলেন, এসআইআর আর সিএএ নিয়ে বিজেপি সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। প্রথমে এসআইআর-এ নাম কাটছে, তারপর সিএএতে আবেদন করতে বলছে। ভারতবাসীর নাগরিকত্ব কেড়ে নেওয়ার চক্রান্ত এটা।



