Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাকি প্রার্থী তালিকা কবে? দিন গুনছেন বড়বাজারের ব্যবসায়ীরা

রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণার উপর শুধুই কর্মী-সমর্থক বা সেই এলাকার লোকজন অপেক্ষা করে থাকেন না। কলকাতার ক্যানিং স্ট্রিটের ব্যবসায়ীরাও সেদিকে তাকিয়ে থাকেন।

বাকি প্রার্থী তালিকা কবে? দিন গুনছেন বড়বাজারের ব্যবসায়ীরা
  • ২১ মার্চ, ২০২৬ ১৫:০৩
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজনৈতিক দলগুলির প্রার্থী ঘোষণার উপর শুধুই কর্মী-সমর্থক বা সেই এলাকার লোকজন অপেক্ষা করে থাকেন না। কলকাতার ক্যানিং স্ট্রিটের ব্যবসায়ীরাও সেদিকে তাকিয়ে থাকেন। তাঁরা বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, টি শার্ট, মুখোশ নিয়ে বসে থাকেন বিক্রির আশায়। সেই ব্যবসায়ীরা বললেন, ‘তৃণমূলের পতাকা অনেকটাই বেশি বিক্রি হচ্ছে। বিজেপির তার থেকে কম। আর সিপিএম আরও কম। কংগ্রেসের পতাকা তো এখনও বিক্রি শুরুই হয়নি।’

Advertisement

ভোট ছাড়া সামনে রয়েছে রাম নবমী। ফলে বড়বাজারের দোকানগুলিতে ঝুলছে বিশাল আকারের গেরুয়া পতাকা। সেগুলিও বিক্রি হচ্ছে। ব্যবসায়ী পঙ্কজ দাস বললেন, ‘ভোটের জিনিসপত্র এখনও সেভাবে বিক্রি শুরু হয়নি। প্রার্থী তালিকা ঘোষণা এখনও বাকি আছে তো, তাই। আমরা এখন সেই দিকেই চেয়ে।’ ভোটের ফল ঘোষণার আগে বড়বাজারের দোকানগুলিতে ‘ট্রেন্ড’ আসা শুরু হয়ে গিয়েছে। পতাকা বিক্রির বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, ‘তৃণমূল এগিয়ে রয়েছে বিজেপির থেকে । সিপিএমের পতাকা বিক্রি হচ্ছে। কিন্তু কংগ্রেস খাতা খোলেনি।’ সে সব দোকানে আইএসএফের কিছু পতাকাও উঁকি দিচ্ছে। পঙ্কজবাবুর কথায়, ‘আইএসএফের পতাকার তো অত বিক্রি নেই। তাই আমরা টাকা অ্যাডভান্স নিয়ে ওই পতাকা বানাই।’ 
পতাকা শুধু নয়, বড়বাজারে রয়েছে টি শার্ট, টুপি, ব্যাজ আর মুখোশও। টি শার্টে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। কোনোটিতে নরেন্দ্র মোদির ছবি। সেগুলির দাম শুরু হচ্ছে ৬০ টাকা থেকে। এর সঙ্গে রয়েছে ব্যাজ। দাম ৫ টাকা থেকে শুরু। পতাকার দাম ৬ টাকা থেকে শুরু। রয়েছে বাইক পতাকা স্ট্যান্ড। বাইক মিছিলের সময় এই সমস্ত পতাকার চাহিদা তৈরি হয়। এছাড়া আছে ছাতার চাহিদা। যদিও ব্যবসায়ীরা জানালেন, ছাতার অর্ডার এলে তবেই তাঁরা তৈরি করেন। সবমিলিয়ে ভোট প্রাক্কালে বড়বাজার চত্বর মনে হচ্ছে যেন সব রাজনৈতিক দলের মিলনক্ষেত্র। 

সম্পর্কিত সংবাদ