Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

বাংলার প্রাপ্য ১ লক্ষ ৯৪ হাজার কোটি কবে দেবেন, মোদির কাছে জবাব চাইলেন অভিষেক

বাংলার প্রাপ্য টাকা কবে দেবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে সরাসরি এই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নির্বাচন কমিশন, ইডি, সিবিআইকে চড়া সুরে আক্রমণ করলেন তিনি।

বাংলার প্রাপ্য ১ লক্ষ ৯৪ হাজার কোটি কবে দেবেন, মোদির কাছে জবাব চাইলেন অভিষেক
  • ১৯ আগস্ট, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাংলার প্রাপ্য টাকা কবে দেবেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে সরাসরি এই প্রশ্ন ছুড়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে নির্বাচন কমিশন, ইডি, সিবিআইকে চড়া সুরে আক্রমণ করলেন তিনি। 

Advertisement

মেট্রোপথের উদ্বোধনে চলতি সপ্তাহে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর এই সফরের আগে বাংলার প্রাপ্য টাকা নিয়ে জোর সওয়াল করলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অভিষেক বলেন, এ রাজ্যে ভোটে হেরে যাওয়ার পর বাংলার প্রতি ধারাবাহিকভাবে বঞ্চনা করে চলেছে কেন্দ্রের বিজেপি সরকার। ১ লক্ষ ৯৪ হাজার কোটি টাকা কেন্দ্রের কাছে বাংলার প্রাপ্য। এই টাকা কবে দেবেন প্রধানমন্ত্রী, তা সাংবাদিক বৈঠক করে বলুন।
বিশেষত ১০০ দিনের কাজ, আবাস, গ্রাম সড়ক, পানীয় জল সহ একাধিক প্রকল্পের টাকা কেন্দ্র দিচ্ছে না বলে অভিযোগ রাজ্য সরকারের। প্রাপ্য আদায়ের দাবিতে একাধিকবার দিল্লিতে দরবার করেছে তৃণমূল। এই প্রেক্ষাপটেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, আমরা সব রাজ্যের উন্নয়নের পক্ষে। কিন্তু অন্য রাজ্যকে কেন্দ্র আর্থিক সাহায্য করলেও বাংলাকে কেন তারা বঞ্চিত করছে? সাহস থাকলে বিজেপি রিপোর্ট পেশ করুক, বাংলার জন্য তারা কী করেছে।
শুধু বাংলার বিরুদ্ধে আর্থিক অবরোধ তৈরি করাই নয়, বিভিন্ন কেন্দ্রীয় এজেন্সিকে বিজেপি রাজনৈতিক স্বার্থে কাজে লাগাচ্ছে বলেও অভিযোগ করেছেন তৃণমূলের সেনাপতি। তাঁর বক্তব্য, আমরা নির্বাচন কমিশন, ইডি, সিবিআইকে প্রশ্ন করছি, আর উত্তর দিচ্ছেন বিজেপি নেতারা। ফলে যোগসাজসটা স্পষ্ট হয়ে যাচ্ছে। নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়ে বিজেপির ক্রীতদাসে পরিণত হয়েছে। বুথ লেভেল এজেন্টদের নাম, ছবি, ফোন নম্বর চাইছে কমিশন। এই তথ্য ভোটের ১০ দিন বা এক সপ্তাহ আগে চাইতে পারে। কিন্তু নির্বাচনের ১০ মাস আগে চাওয়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে। কারণ এর আগেও দেখেছি, ইডির কাছে দেওয়া তথ্য বিজেপির হাতে চলে গিয়েছে।
কয়েকদিন আগে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে ভুয়ো ভোটার নিয়ে অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা অনুরাগ ঠাকুর। পাল্টা তথ্য দিয়ে জবাব দিয়েছেন ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, আমি ৪১ জন ভোটারের ভিডিও পেন ড্রাইভে করে অনুরাগ ঠাকুরের কাছে পাঠিয়ে দিয়েছি। কিন্তু কর্ণাটকের ৮ বাই ১০ ফুটের ঘরে ১৫০ জন ভোটার থাকে বলে কংগ্রেস অভিযোগ তুলেছে। সাহস থাকলে ওই ১৫০ জন ভোটারকে হাজির করুক কমিশন। অভিষেকের চ্যালেঞ্জ, বাংলা মানুষের মৌলিক অধিকার যদি ওরা কাড়তে চায় বা জোর করে একজন মানুষেরও নাম ভোটার তালিকা থেকে বাদ দেয়, তাহলে এক লক্ষ বঙ্গবাসীকে নিয়ে দিল্লিতে বৃহত্তর আন্দোলন করে আমরা বাংলার ক্ষমতা কী, তা বুঝিয়ে দেব।
ইডি, সিবিআইয়ের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। তাঁর বক্তব্য, ইডি, সিবিআই গত পাঁচ বছর ধরে আমার বিরুদ্ধে তদন্ত করছে, অথচ কিছু প্রমাণ করতে পারেনি। কোনও তথ্য আদালতে জমা দিতে পারেনি ওরা। তার মানে তদন্তের সারবত্তা নেই।

Advertisement
সম্পর্কিত সংবাদ