সংবাদদাতা, মেখলিগঞ্জ: শিক্ষক-শিক্ষিকাদের একাংশের ফাঁকিবাজি রুখতে পদক্ষেপ নিল শিক্ষাদপ্তর। এবার থেকে বিদ্যালয়ে উপস্থিত হয়ে বেলা ১১টা বেজে ৫ মিনিটের মধ্যেই প্রত্যেক শিক্ষক-শিক্ষিকাকে হাজিরা জানান দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিংবা টিচার ইনচার্জকে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষক-শিক্ষিকাদের হাজিরা খাতার ছবি তুলে সেটি অবর বিদ্যালয় পরিদর্শকের নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠাতে হবে।
মেখলিগঞ্জ ব্লকে প্রাথমিক বিদ্যালয়সমূহের দু’টি চক্র অর্থাৎ সার্কেল রয়েছে। একটি মেখলিগঞ্জ অপরটি মেখলিগঞ্জ দক্ষিণ। স্কুল শিক্ষকদের একাংশের ফাঁকিবাজি রুখতেই এমন নিয়ম চালু করা হয়েছে কোচবিহার জেলার মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের তরফে। ওই দপ্তরের তরফে ইতিমধ্যেই এনিয়ে নির্দেশিকা জারি করে নিয়ম কার্যকরও করে দেওয়া হয়েছে। এর সুফলও মিলতে শুরু করেছে বলে শিক্ষাদপ্তর সূত্রে খবর। এই নিয়মের কড়াকড়ি হতেই প্রায় সকলেই যথাসময়ে বিদ্যালয়ে হাজির হচ্ছেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজেদের বিদ্যালয়ের উপস্থিতি জানান দেওয়ার বিষয়ে দারুণ সাড়াও মিলেছে।
মেখলিগঞ্জ দক্ষিণ চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক (প্রাথমিক) বরুণ বিশ্বাস অবশ্য জানিয়েছেন, প্রান্তিক এলাকার শিক্ষার্থীদের মানব সম্পদ উন্নয়ন ও শিক্ষার অধিকারের স্বার্থে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সেজন্যই হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে শিক্ষকদের উপস্থিতি জানান দিতে বলা হয়েছে। অভিভাবক এবং শিক্ষক উভয়েই যাতে আরও বেশি সচেতন হন, সেজন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মেখলিগঞ্জ ব্লক প্রশাসন এবং অবর বিদ্যালয় পরিদর্শকের করণ সূত্রেই জানা গিয়েছে, মেখলিগঞ্জ ব্লকের কুচলিবাড়ি, বাগডোকরা-ফুলকাডাবরি, পুরসভা এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলির একাংশ থেকে বিদ্যালয়ে যথাসময়ে হাজির না হওয়া নিয়ে কিছু অভিযোগ মাঝেমধ্যেই উঠে আসছিল। অভিভাবকদের তরফে অভিযোগ জানিয়ে ক্ষোভও প্রকাশ করা হচ্ছিল। অভিযোগ পেয়ে অবর বিদ্যালয় পরিদর্শকের করণের তরফে সংশ্লিষ্ট শিক্ষকদের সতর্কও করা হয়। কিন্তু এরপরও কিছু জায়গা থেকে একই ধরনের অভিযোগ উঠে আসছিল। এরপরেই হাজিরার উপস্থিতি খাতার ছবি তুলে পাঠানোর নিয়ম চালু করা হয়। অবর বিদ্যালয় পরিদর্শকের করণের এই নিয়ম চালুর প্রশংসা করেছেন শিক্ষক-শিক্ষিকারাও।