সংবাদদাতা, বারুইপুর: শীতের সময় সুন্দরবনের কুলতলি, মৈপীঠে নদী সাঁতরে লোকালয়ে চলে আসে বাঘ। এভাবে বাঘ ঢুকে পড়লে কী করণীয়, তা নিয়ে এবার হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হল মৈপীঠ গ্রামের মহিলাদের। এঁরা কেউ গৃহবধূ, কেউ নদীতে মাছ-কাঁকড়া ধরে সংসার চালান। প্রত্যেককে দেওয়া হয়েছে জ্যাকেট ও জোরালো আলোর টর্চ। দক্ষিণ ২৪ পরগনা জেলা বনদপ্তরের সহযোগিতায় এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে চলে একদিনের এই প্রশিক্ষণ।
নভেম্বরের পর থেকে মৈপীঠ ও কুলতলিতে লোকালয়ে বাঘ চলে আসার ঘটনা মাঝেমধ্যেই ঘটে। তাই আগাম প্রস্তুতির জন্য এই প্রশিক্ষণের উদ্যোগ। মৈপীঠের গৃহবধূ কবিতা, শিবানী, বৃহস্পতি, যমুনা, পার্বতীরা সংসার সামলে এসেছিলেন প্রশিক্ষণ নিতে। তাঁদের টিমের নাম ‘প্রাথমিক রেসপন্স টিম’। টিমের ১৮ জন মহিলা সদস্য। পুরুষরাও আছেন এই টিমে। হাতেকলমে প্রশিক্ষণ পেয়ে খুশি তাঁরা। কবিতা বলছিলেন, ‘বাঘ ঢুকে পড়লে গোটা গ্রামে আতঙ্ক নামে। সেই ভয় দূর করে মানুষকে সচেতন করাই আমাদের কাজ। মানুষের নিরাপত্তা দেওয়াই আমাদের লক্ষ্য। পুরুষ সদস্যদের সঙ্গে আমরাও এই দায়িত্ব পালন করব।’ আর এক গৃহবধূ শিবানী বলেন, ‘এই কাজের পাশাপাশি কোথায় জাল ছেঁড়া রয়েছে, তা দেখে আমরা বনদপ্তরকে জানাব। এসবই আমাদের শেখানো হয়েছে।’ ‘ওয়াইল্ড লাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া’র ফিল্ড অফিসার সম্রাট পাল ও ডঃ অভিষেক ঘোষাল বলেন, ‘স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি, তাঁদের আচরণ বোঝা, সচেতন করা, বাঘের গতিবিধি পর্যবেক্ষণসহ কী কী ব্যবস্থা অবলম্বন করা যায়, তা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। প্রাথমিক রেসপন্স টিমের ৩৩ জন এতে অংশ নিয়েছিলেন।’ নিজস্ব চিত্র



