নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: অবসর গ্রহণের পর ইপিএফ অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ কিস্তিতে তুলতে পারবেন গ্রাহকরা। আগেই এসংক্রান্ত ঘোষণা করেছে কেন্দ্র। সম্প্রতি শ্রমমন্ত্রকের আওতায় থাকা কর্মচারী ভবিষ্যনিধি সংগঠনের (ইপিএফও) অছি পরিষদের বৈঠকে এহেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। কিন্তু কিস্তিতে টাকা তোলা গেলেও তার পরিমাণ কত হবে, সেই ব্যাপারে চরম বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, কিস্তিতে টাকা তোলার কি কোনো সর্বোচ্চ সীমা থাকবে? নাকি অবসরপ্রাপ্ত কর্মী পিএফের (ইপিএফ) গ্রাহকরা নিজের মর্জিমতোই কিস্তিতে টাকার পরিমাণ বেছে নিতে পারবেন? এসংক্রান্ত বিষয়ে অন্তত শুক্রবার রাত পর্যন্ত কোনো সুস্পষ্ট নির্দেশিকা জারি করেনি শ্রমমন্ত্রক বা ইপিএফও। এর ফলে ভবিষ্যৎ পরিকল্পনা করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে প্রবীণদের। অন্তত এমনই অভিযোগ করছে ইপিএফ গ্রাহকদের বড়ো অংশ।
এতদিন পর্যন্ত অবসরের পর ইপিএফ গ্রাহকদের তাঁর অ্যাকাউন্টে সঞ্চিত টাকা তুলে ফেলতে হত। কারণ অবসরের পরবর্তী তিন বছর পর্যন্তই ওই ইপিএফ অ্যাকাউন্টে সুদ মিলত। সম্প্রতি ইপিএফও অছি পরিষদ সিদ্ধান্ত নিয়েছে যে, অবসরের পর কিস্তিতেও সঞ্চিত টাকা তুলতে পারেন প্রবীণরা। ফলে প্রতি মাসে পৃথক একটি আয়ের পথ তৈরি হবে। এমনকি যদি সঞ্চিত সব টাকা কিস্তিতে পাওয়ার আগেই অবসরপ্রাপ্ত ওই ইপিএফ গ্রাহকের মৃত্যু হয়, তাহলে তাঁর ‘নমিনি’ বা ‘ডিপেনডেন্ট’ বাকি টাকা পাবেন। এক্ষেত্রে পাক্ষিক, মাসিক, ত্রৈমাসিক এবং বছরে দু’বার—এই চারটি বিকল্পের মধ্যে যে কোনো একটি কিস্তি বেছে নিতে পারবেন গ্রাহকরা। এর পরেই কিস্তির পরিমাণ নিয়ে শুরু হয়েছে বিভ্রান্তি। সরকারিভাবে এবিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি শ্রমমন্ত্রক। তবে সংশ্লিষ্ট মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, এটি পুরোপুরি গ্রাহকদের মর্জির উপরই নির্ভর করবে। নিজের অ্যাকাউন্টে সঞ্চিত অর্থ একজন পিএফ গ্রাহক কীভাবে তুলবেন, সেই সিদ্ধান্ত একান্তই তাঁর। এব্যাপারে শীঘ্রই বিজ্ঞপ্তি জারি হবে বলে শ্রমমন্ত্রক সূত্রে খবর। শ্রমিক সংগঠন টিউসিসির সাধারণ সম্পাদক তথা ইপিএফও অছি পরিষদের সদস্য শিবপ্রসাদ তিওয়ারি বলেন, ‘এই সিদ্ধান্ত গ্রাহকদেরই হবে। এই ফ্লেক্সিবিলিটি সংশ্লিষ্ট স্কিমে রাখা হয়েছে। এনিয়ে বিজ্ঞপ্তিও জারি হবে। তখন বিষয়টি আরও স্পষ্ট হবে।’



