মুম্বই: নেপালের বিরুদ্ধে কোনওক্রমে জিতেছিল ইংল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের সামনে মুখ থুবড়ে পড়ল হ্যারি ব্রুকের দল। বুধবার ওয়াংখেড়েতে ইংল্যান্ডকে ৩০ রানে হারিয়েছে ক্যারিবিয়ানরা। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ তোলে ৬ উইকেটে ১৯৬। সৌজন্যে ২টি চার ও ৭টি ছক্কা সহ ৪২ বলে শেরফানে রাদারফোর্ডের অপরাজিত ৭৬ রানের ইনিংস। জবাবে এক ওভার বাকি থাকতে ১৬৬ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।
চলতি আসরে ইংল্যান্ড দলে ভারসাম্যের অভাব সুস্পষ্ট। বোলিং ও ব্যাটিং— দুই বিভাগেই সমস্যা রয়েছে। বুধবার প্রথমে ব্যাট করতে নেমে দলগত ৭৭ রানে ৪ উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ক্যারিবিয়ানরা। কিন্তু তারপরও শেষ পর্যন্ত দু’শোর কাছাকাছি রান তোলেন শাই হোপরা। জোফ্রা আর্চার, স্যাম কারান ওভার প্রতি ১২ গড়ে রান বিলিয়েছেন। উইল জ্যাকস, লিয়াম ডসনকেও সাদামাটা দেখাল। অবশ্য প্রশংসা করতে হবে রাদারফোর্ডের। ধাক্কা সামলে দলকে বড় পুঁজি এনে দেন তিনি। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে চাপে পড়ে ইংল্যান্ড। জস বাটলার (২১), হ্যারি ব্রুক (১৭) বড় রান পাননি। শেষ তিন ওভারে জয়ের জন্য প্রয়োজন ছিল ৪৭ রানের। স্যাম কারান (অপরাজিত ৪৩) চেষ্টা চালালেও শেষ পর্যন্ত হার এড়ানো সম্ভব হয়নি।দিনের অন্য ম্যাচে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ৬৭ রানে সহজ জয় পেল অস্ট্রেলিয়া। কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ১৮২ রান তোলে অজি বাহিনী। রান পান স্টোইনিস (৪৫), ইংলিস (৩৭) ও রেনশ (৩৭)। জবাবে ব্যাট করতে নেমে ১১৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। নাথান এলিস ও অ্যাডাম জাম্পা চারটি করে উইকেট পান।