Bartaman Logo
৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

আগামী দিনে টয় ট্রেনেই বিয়ে!

ভর্তুকিতে চলা টয় ট্রেন আজ স্বাবলম্বী। পরিষেবার পরিবর্তনে বেড়েছে জনপ্রিয়তা।

আগামী দিনে টয় ট্রেনেই বিয়ে!
  • ৬ ফেব্রুয়ারি, ২০২৬ ১৬:০২
Prefer us on Google

সঞ্জিত সেনগুপ্ত, শিলিগুড়ি: ভর্তুকিতে চলা টয় ট্রেন আজ স্বাবলম্বী। পরিষেবার পরিবর্তনে বেড়েছে জনপ্রিয়তা। আর সেই সূত্র ধরেই বছর বছর আয়ের রেকর্ড গড়ছে হেরিটেজ টয় ট্রেন। ১৪২ বছরের মধ্যে গতবছর অর্থাৎ ২০২৫ সালে সর্বোচ্চ ২৬.৪ কোটি টাকা আয় হয়েছে টয় ট্রেন থেকে। বেড়েছে যাত্রীর সংখ্যাও। টয় ট্রেনের হেরিটেজ সম্পত্তির পুনরুদ্ধার ও আধুনিকতার সংমিশ্রণে নিত্যনতুন পরিষেবার সংযোজনে এর জনপ্রিয়তা ও আয় বেড়েই চলেছে। তবে সবচেয়ে বড় ব্যাপার, সব ঠিক থাকলে আগামী দিনে টয় ট্রেনে বিয়ের অনুষ্ঠানও করা যেতে পারে।

Advertisement

করোনার আগ পর্যন্ত টয় ট্রেন চালাতে বিশাল ভর্তুকি দিতে হত রেলকে। সেই হেরিটেজ টয় ট্রেন আজ স্বাবলম্বী হয়ে উঠেছে। দার্জিলিং হিমালয়ান রেলের ডিরেক্টর ঋষভ চৌধুরী বৃহস্পতিবার বলেন, ২০২৫ সালে ডিএইচআর রেকর্ড ২৬.৪ কোটি টাকা আয় করেছে। এর আগে ২০২৪ সালে সর্বোচ্চ ২১.২ কোটি টাকা হয়েছিল। পর্যটকদের সংখ্যাও বেড়েছে। ’২৪ সালে ১.৭৪ লক্ষ পর্যটক হয়েছিল টয় ট্রেনে। ২০২৫ সালে সেই রেকর্ডও ভেঙে ২.১০ লক্ষ পর্যটক হয়েছে।

করোনার পর থেকে টয় ট্রেনকে বেশি করে প্রচারের আলোয় আনতে উদ্যোগ নেওয়া হয়। ডিএইচআরের দায়িত্ব পেয়ে ঋষভ চৌধুরী টয় ট্রেনের প্রাচীন স্টিম ইঞ্জিন, কামরা সহ টয় ট্রেনের হেরিটেজ সম্পত্তি পুনরুদ্ধার করে পরিষেবায় যুক্ত করার উদ্যোগ নেন। টয় ট্রেনের সঙ্গে যুক্ত পাহাড়ের বিভিন্ন ধরনের ইতিহাস, লাভ স্টোরি খুঁজে বের করে স্মারক হিসেবে তা বিক্রির উদ্যোগ নেওয়া হয়। সেই সঙ্গে বাড়ানাো হয় টয় ট্রেনের পরিষেবা। আকর্ষণ বাড়াতে ব্রিটিশ আমলের মিউজিয়াম ঢেলে সাজানো হয়। এতেই যাত্রী ও আয় বেড়েছে বলে মনে করেন ডিএইচআরের ডিরেক্টর।

টয় ট্রেনে এই জনপ্রিয়তা সমতল শিলিগুড়িতে ছড়িয়ে দেওয়ার জন্যও বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। ঋষভ চৌধুরী বলেন, সুকনা স্টেশনে থাকা মিউজিয়াম ঢেলে সাজানো হবে। নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে তিনধরিয়া পর্যন্ত বেসরকারি সংস্থার মাধ্যমে হেরিটেজ টয় ট্রেন পরিষেবা চালু করা হবে। টয় ট্রেনে বিয়ের অনুষ্ঠান করার ভাবনাচিন্তাও চলছে। গরমের ছুটিতে দার্জিলিং ও ঘুমের মধ্যে চারটি নতুন জয় রাইড চালু করা হবে। গ্রীষ্মের ছুটিতে ব্রিটিশ আমলের স্টিম ইঞ্জিনও ছুটবে পাহাড়ে। ডিরেক্টরের কথায়, বিদেশি পর্যটকদের কাছে টয় ট্রেনের জনপ্রিয়তা বাড়ানোর উপর জোর দেওয়া হচ্ছে। সেজন্য বড় বড় পর্যটন সামিটে টয় ট্রেনের স্টল দেওয়ার ভাবনাচিন্তা চলছে।

• প্রতীকী চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ