Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিনোদন

ওয়েব সিরিজ সমালোচনা: সাবপ্লটে ভারাক্রান্ত সিরিজে সম্পদ অভিনয়

‘শেষ হয়ে হইল না শেষ’— সাত এপিসোডের ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনটাই মনে পড়ল।

ওয়েব সিরিজ সমালোচনা: সাবপ্লটে ভারাক্রান্ত সিরিজে সম্পদ অভিনয়
  • ২৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

ফ্যামিলি ম্যান সিজন ৩

Advertisement

মনোজ বাজপেয়ি • জয়দীপ আহলওয়াত 
নিমরত কৌর • প্রিয়মণি

• ‘শেষ হয়ে হইল না শেষ’— সাত এপিসোডের ‘ফ্যামিলি ম্যান সিজন ৩’ দেখে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এই লাইনটাই মনে পড়ল।
গত সিজনের শেষে ইঙ্গিত ছিল, করোনা কেন্দ্রিক কোনও গল্প আর কলকাতার প্রেক্ষাপট নিয়ে হয়তো এগবে এই সিজনের চিত্রনাট্য। কিন্তু এবারের প্রেক্ষাপট উত্তর-পূর্ব। নাগাল্যান্ড। গল্পের শুরু একটি অনুষ্ঠানে বোমা বিস্ফোরণ দিয়ে। নাগাল্যান্ডে শান্তিচুক্তি করতে গিয়ে মৃত্যু হয় শ্রীকান্তের বস, পরামর্শদাতা কুলকার্নির (দিলীপ তাহিল)। ফেঁসে যায় শ্রীকান্ত তিওয়ারি (মনোজ বাজপেয়ি)। সন্দেহের তির তার দিকেই। নিজেকে নির্দোষ প্রমাণ করা আর দেশকে বাঁচানো... তৃতীয় সিজনে শ্রীকান্তের টার্গেট। আর প্রতিপক্ষ? ড্রাগ মাফিয়া রুকমা (জয়দীপ আহলওয়াত)। মনোজ আর জয়দীপ— দুই তুখোড় অভিনেতার দ্বৈরথই এই সিজনের ইউএসপি। এছাড়া বাকি সিরিজ ভারাক্রান্ত হয়েছে অতিরিক্ত সাব প্লটে। এর মধ্যে সিংহভাগ অমীমাংসিত।  
অভিনয় এই সিরিজের সম্পদ। প্রথম সিজন থেকেই শ্রীকান্তের ভূমিকায় অনবদ্য মনোজ। প্রতি সিজনে নিজেকে নিজেই যেন ছাপিয়ে যান। কুলকার্নি স্যরের মৃত্যুর পর তাঁর ভেঙে পড়া, অ্যাকশন দৃশ্যের অভিব্যক্তি, অপরাধবোধের সাবলীল অভিনয়ে তিনি পারফেক্ট। সমানতালে পারফর্ম করেছেন জয়দীপও। রুকমার ভূমিকায় নিজেকে সঁপে দিয়েছেন তিনি। প্রশংসনীয় নিমরত কৌরও। লন্ডনের মীরা এস্টনের চরিত্রে নিমরতের আভিজাত্য, বাচনভঙ্গি, দাপট— অবাক করে। বাকি কাস্টিংও যথার্থ। 
উত্তর-পূর্বের জটিল ভূ-রাজনৈতিক পরিস্থিতি, সন্ত্রাসবাদ, গুপ্তচর সংস্থার ভিতরের অস্থিরতা, শ্রীকান্তের ব্যক্তিজীবনের টানাপোড়েন... বিস্তৃত ক্যানভাসে ছবি আঁকার চেষ্টা করেছিলেন রাজ-ডিকে। পারেননি। এই বিস্তার প্রথম দিকে যতখানি আশা জাগিয়েছে, শেষে গিয়ে ততটাই হতাশ করল। রাজ-ডিকের নিজস্ব ঘরানা সম্পর্কে দর্শক অবগত। সেখানে হিউমর আর অ্যাকশনের অবাধ মেলামেশা। এই সিজনে সেই স্টাইলও ফ্যাকাশে। তবে উপেক্ষিত উত্তর-পূর্ব ভারত নিয়ে তাঁদের পর্যবেক্ষণ ভাবাবে। বেশ কয়েকটি মনে রাখার মতো দৃশ্য বুনেছেন পরিচালকদ্বয়। শ্রীকান্তের আসল পরিচয় জানার পর সূচি (প্রিয়মণি) বলে, ‘ওর মিথ্যেগুলো ভীষণ 
মিস করছি...।’ মন ছুঁয়ে 
যায় দৃশ্যটা। আবার দু’টি কচি হাত যখন রুকমাকে জড়িয়ে ধরতে চায়, তখন চোখে জল আসতে বাধ্য। পাশাপাশি আরেক জনপ্রিয় সিরিজ ‘ফর্জি’র সঙ্গে মেলবন্ধনের ইঙ্গিতও রয়েছে। 
তবে সিজন ৪ শীঘ্রই আসবে। কারণ শ্রীকান্ত তিওয়ারির সঙ্গে শেষে কী হল, জানতে হবে তো!
শান্তনু দত্ত 

Advertisement
সম্পর্কিত সংবাদ