নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কালীপুজোর বাকি আর মাত্র কয়েকটি দিন। পুজোর প্রস্তুতি চলছে চারিদিকে। এই অবস্থায় বুধবার কলকাতা এবং দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি নিয়ে মানুষের চিন্তা বাড়ছে। সকাল থেকে বিকেল পর্যন্ত ডায়মন্ডহারবারে সবথেকে বেশি ২২ মিমি বৃষ্টি হয়েছে। তবে আবহওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানান, রবিবার কালীপুজোর দিন রাজ্যে আবহাওয়া পরিষ্কার থাকবে বলে আশা করা যায়। তরে সোমবার থেকে দিনদুয়েক ফের দক্ষিণবঙ্গের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থাকবে। সোমবার কলকাতা ছাড়াও নদীয়া, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও মুর্শিদাবাদ জেলার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলার কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ওইদিন দক্ষিণবঙ্গের অন্যত্র কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে। বুধবারও কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা থাকছে। বর্ষা বিদায়ের পর এখন রাজ্যে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত নেই। ‘মুরাশু’ অন্ধ্র উপকূল অতিক্রম করার পর, গতিপথ অনুসারে এরাজ্যে তার প্রত্যক্ষ প্রভাব কিছু পড়েনি। তা সত্ত্বেও কেন এই বৃষ্টি? আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প রাজ্যের বায়ুমণ্ডলের নীচের স্তরে প্রবেশ করছে। ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবের জন্যই এটা হচ্ছে। এর পাশাপাশি বায়ুমণ্ডলের উপরের স্তরে পশ্চিমি শুকনো বাতাস আছে। দুটি ভিন্নধর্মী বাতাসের সংমিশ্রণে কোথাও কোথাও বৃষ্টির মেঘ তৈরি হচ্ছে। কালীপুজোর ঠিক পরেই যে বৃষ্টি হতে পারে, তার কারণও এটা। ওই সময়েও বঙ্গোপসাগর থেকে আসা পুবালি বাতাস বেশি পরিমাণে জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢোকাবে। তার জন্যই কোথাও কোথাও বৃষ্টি হবে।
বাতাসে জলীয় বাষ্প বেশি থাকার দরুন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের উপরে আছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (২৫.৮ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে ৩.৬ ডিগ্রি বেশি ছিল। সর্বোচ্চ তাপমাত্রা কম আছে মেঘলা আকাশের কারণে। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা (২৮.৬ ডিগ্রি) স্বাভাবিকের থেকে ২.৫ ডিগ্রি কম ছিল এদিন। তবে উত্তরবঙ্গের পাহাড় লাগোয়া সমতল এলাকায় তাপমাত্রা কমেছে। কোচবিহারে এদিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৬ ডিগ্রি। দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি ২৩-২৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করছে। বাতাসে জলীয় বাষ্প কমলে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমছে।



