Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

বিহার থেকে লাগাতার ঢুকছে অস্ত্র, বহরমপুর ও সাগরপাড়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত ৬

বিহার থেকে লাগাতার ঢুকছে অস্ত্র, বহরমপুর ও সাগরপাড়ায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, ধৃত ৬
  • ২ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিহার থেকে মুর্শিদাবাদে লাগাতার ঢুকছে আগ্নেয়াস্ত্র। চাহিদা বেশি সেভেন এমএম ইম্প্রোভাইজড পিস্তলের।  বিধানসভা নির্বাচনের এক বছর আগে থেকে অস্ত্র কারবারিরা সক্রিয় হয়ে উঠেছে সীমান্তবর্তী এই জেলায়। মুর্শিদাবাদ পুলিসের স্পেশ্যাল অপারেশন গ্রুপের অভিযানে বহরমপুর এবং সাগরপাড়া থানা এলাকা থেকে উদ্ধার হয়েছে নয়টি আগ্নেয়াস্ত্র। দুই থানা এলাকায় গ্রেপ্তার হয়েছে ছয়জন অস্ত্র কারবারি। অপরদিকে রাজ্য পুলিসের এসটিএফ অভিযান চালিয়ে ফরাক্কা থেকে এক কুখ্যাত অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে চারটি সেমি অটোমেটিক সেভেন এমএম পিস্তল উদ্ধার হয়েছে। মুর্শিদাবাদের পুলিস সুপার কুমার সানি রাজ বলেন, সাগরপাড়া এবং বহরমপুরে অভিযান চালিয়ে মোট ছয়জন অস্ত্র কারবারিকে আমরা গ্রেপ্তার করেছি। ধৃতদের কাছ থেকে ন’টি আগ্নেয়াস্ত্র, ১৬টি ম্যাগজিন এবং ৪৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। 

Advertisement

এসটিএফ সুপার ইন্দ্রজিৎ বসু বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন একটি হোটেলে অভিযান চালিয়ে বিহারের ওই অস্ত্র কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাকে বিধানগরের আদালতে তুলে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। 
এসটিএফ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম সত্যজিৎ ঘোষ। তার বাড়ি বিহারের ভাগলপুরে। বিহার থেকে অস্ত্র এনে ফরাক্কা বাস স্ট্যান্ড সংলগ্ন হোটেলে উঠেছিল সে। শনিবার সন্ধ্যায় এসটিএফ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। এদিন বহরমপুরে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার হয়েছে দুই দুষ্কৃতী। রবিবার সকালে বহরমপুরের ফরাসডাঙা থেকে স্বয়ংক্রিয় পাঁচটি সেভেন এমএম পিস্তল, ১০টি ম্যাগজিন ও ২৫ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতদের নাম, আবু হেনা ও শেখ সরিফুল নাম। আবুর বাড়ি মালদার বৈষ্ণবনগর এবং সরিফুলের বাড়ি মুর্শিদাবাদের রানিনগর এলাকায়। বিহারের জামালপুর থেকে অস্ত্রগুলি নিয়ে আসা হচ্ছিল বলেই জানিয়েছেন পুলিস আধিকারিকরা।
সাংবাদিক সম্মেলনে ডেপুটি পুলিস সুপার (ডি অ্যান্ড টি) সুশান্ত রাজবংশী বলেন, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের ধরা হয়েছে। এক একটি অস্ত্র ৩৫-৩৬ হাজার টাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রানিনগর এলাকায় অস্ত্রগুলি পাচার করার পরিকল্পনা ছিল তাদের। তার আগেই আমরা কারবারিদের গ্রেপ্তার করতে পেরেছি। 
অপরদিকে স্পেশাল অপারেশন গ্রুপ এবং সাগরপাড়া থানার পুলিস চারা বটতলা এলাকায় অভিযান চালালে সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পুলিস জানিয়েছে ধৃতরা হল, গিয়াসুদ্দিন শেখ, মিনারুল শেখ, মুকুলেশুর রহমান, মারুফ শেখ। দুজনের বাড়ি সাগরপাড়ায় এবং দুজনের বাড়ি জলঙ্গি ও রানিনগর থানা এলাকায়। ধৃতদের কাছ থেকে তিনটি সেভেন এমএম পিস্তল, একটি দেশি পাইপ গান, ছ’টি ম্যাগাজিন, ২০টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। দু’টি বাইক বাজেয়াপ্ত করেছে পুলিস। 
ডোমকলের এসডিপিও শুভম বাজাজ সাংবাদিক সম্মেলন করে বলেন, দু’টি বাইকে করে এই চারজন ব্যক্তি আসছিল। খবর পেয়ে আমরা তাদের কাছ থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছি। কী উদ্দেশ্যে তারা আগ্নেয়াস্ত্র নিয়ে যাচ্ছিল আমরা জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছি।

Advertisement
সম্পর্কিত সংবাদ