নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্য পুলিশ ও প্রশাসনে ডব্লুবিসিএস (গ্ৰুপ এ) এবং ডব্লুবিপিএস আধিকারিক পর্যায়ে মোট ১৩১ জনকে নিয়োগ করার জন্য রাজ্য পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) সুপারিশ করেছে। এর মধ্যে ডব্লুবিসিএস গ্রুপ এ পর্যায়ে আছেন ১১৫ জন। ১৬ জন আছেন ডব্লুবিসিএস গ্ৰুপ বি অর্থাৎ পুলিশ আধিকারিক পর্যায়ে। ২০২৩ সালের ডব্লুবিসিএস পরীক্ষার ভিত্তিতে এই নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। গ্রুপ সি এবং গ্রুপ ডি শ্রেণির আধিকারিকদের বিভিন্ন ক্যাডারে নিয়োগের সুপারিশ এখনো জারি হয়নি। খুব তাড়াতাড়ি এটাও সম্পন্ন হবে বলে মনে করা হচ্ছে।
ডব্লুবিসিএস গ্রুপ এ পর্যায়ে ডব্লুবিসিএস এগজিকিউটিভসহ বেশকিছু ক্যাডারে আধিকারিক নিয়োগ করা হয়। ডব্লুবিসিএস এগজিকিউটিভ পর্যায়ে ৪০ জনকে নিয়োগ করতে বলেছে পিএসসি। প্রসঙ্গত, এই ক্যাডারের আধিকারিকদের কর্মজীবন শুরু হয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার থেকে। ৪০ জনকে রেভিনিউ অফিসার পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সমবায় দপ্তরের আধিকারিক পদে তিনজনকে এবং শ্রমদপ্তরে দুজনকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। খাদ্যদপ্তরের আধিকারিকের পদে ৩০ জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি।
ডব্লুবিসিএস গ্রুপ এ পদে যে আধিকারিকদের নিয়োগ হচ্ছে তাঁদের মধ্যে ৪৮ জন অসংরক্ষিত বা জেনারেল প্রার্থী হিসেবে চাকরি পাচ্ছেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির (ইডব্লুএস) মধ্যে থেকে ১১ জনকে নিয়োগ করতে বলা হয়েছে। ওবিসি এ এবং বি শ্রেণি থেকে ২০ জনকে নিয়োগ করা হচ্ছে। তফসিলি জাতি থেকে ২৩ জন এবং তফসিলি উপজাতি থেকে ছ’জনকে নিয়োগের সুপারিশ করেছে পিএসসি। এর পাশাপাশি আরো কয়েকটি শ্রেণির কিছু প্রার্থীদের নিয়োগ করা হচ্ছে। প্রতিটি শ্রেণিতে প্রার্থীরা প্রতিযোগিতামূলক লিখিত ও মৌখিক পরীক্ষায় সবচেয়ে কম কত নম্বর পেয়ে চাকরি পাচ্ছেন সেটাও উল্লেখ করে দিয়েছে পিএসসি।
ডব্লুবিসিএস গ্রুপ বি শ্রেণিতে সফল প্রার্থীরা পুলিশ সার্ভিসে যোগ দেন। মোট ১৬ জন সফল প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করেছে পিএসসি। এই পর্যায়ে মোট শূন্যপদ ছিল ১৮টি। দুটি শূন্যপদ পূরণ হয়নি। সেখানে গ্রুপ এ’তে ১১৫টি শূন্যপদের সবকটি পূরণ হয়েছে। ডব্লুবিসিএস গ্রুপ বি’তে ১৬ জনের মধ্যে ৮ জন জেনারেল বা অসংরক্ষিত শ্রেণির প্রার্থী। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণির প্রার্থী আছেন একজন এবং তিনজন ওবিসি। তফসিলি জাতি ও উপজাতি মিলিয়ে মোট চারজন। এই পর্যায়ে তালিকার আরেকটি তাৎপর্যপূর্ণ দিক হল—তফসিলি জাতি হিসেবে আবেদনকারী হলেও এক মহিলা প্রার্থীর নাম আছে তালিকার শীর্ষে। এই কারণে তিনি চাকরি পেয়েছেন জেনারেল বা অসংরক্ষিত প্রার্থী হিসেবেই। ডব্লুবিসিএস গ্রুপ এ’র শেষ চাকরি প্রাপকের চেয়েও বেশি নম্বর পেয়েছেন তিনি। কিন্তু তিনি বেছে নিয়েছেন ডব্লুবিসিএস গ্রুপ বি অর্থাৎ পুলিশ আধিকারিকের চাকরি।