সংবাদদাতা, সিউড়ি: বৃষ্টির জলে মরণফাঁদে পরিণত হয়েছে সিউড়ির রাস্তাঘাট। সরকার বদল হলেও সংস্কার হয়নি শহরের রাস্তাঘাট। বেহাল রাস্তায় টোটো, বাইক উল্টে যখম হচ্ছেন অনেকেই। বাসিন্দাদের অভিযোগ, তৃণমূল জামানা পরিবর্তন হয়েছে ঠিক, কিন্তু আজও বদলায়নি রাস্তার হাল। আন্দোলনে নেই বিরোধী দলগুলিও। ভারী গাড়ি চলাচলের কারণে নতুন রাস্তাতেও উঠতে শুরু করেছে পিচের আস্তরণ। এ বিষয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই। তাই অলিগলি থেকে প্রধান রাস্তা জলকাদায় যন্ত্রণা বেড়েছে শহরবাসীর। বাসিন্দাদের দাবি, শহরের কয়েকটি রাস্তা যেন একেবারে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে টোটো চালকরা সেই সমস্ত পাড়ার নাম শুনলে মুখ ফিরিয়ে নিচ্ছে, কেউবা আবার বেশি ভাড়া চাইছে। এছাড়াও বেহাল রাস্তায় টোটো, বাইক, সাইকেল থেকে পড়ে নিত্যদিন ঘটছে দুর্ঘটনা। হেলদোল নেই পুর-প্রশাসনের। শহরবাসী এখন তাই মজার ছলে বলছেন, তৃণমূল আমলে বিজেপি ধানের চারা পুঁতে, মাছ ধরে বেহাল রাস্তার জন্য আন্দোলন করেছে। কিন্তু সরকার পরিবর্তন হয়ে বিজেপি ক্ষমতায় আসতেই সেই সমস্ত আন্দোলন গুটিয়ে গেছে। বেহাল রাস্তা রয়ে গেছে সেই তিমিরেই। সংস্কারের কোনো নামগন্ধই নেই। পুরসভা থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান ইন কাউন্সিলরা। এখন প্রশাসনের হাতে ক্ষমতা গিয়েছে। কিন্তু এত কিছু হলেও শহরে রাস্তার হাল এখনও ফেরেনি। এমনকী, মোরাম দেওয়ায় বর্ষার জলে রাস্তা যেন চাঁদের পাহাড়ে পরিণত হয়েছে। সিউড়ি শহরের শুঁড়িপুকুর পাড়া, মল্লিকগুনা, বাসস্ট্যান্ডের কাছে এই সমস্ত এলাকায় রাস্তা যেন চলাচলের আর যোগ্য নেই। মাস খানেক আগে ওই সমস্ত এলাকার বাসিন্দারা পথ অবরোধ করে বিক্ষোভে শামিল হয়েছিল। কিন্তু মাস ফুরালেও রাস্তার এখনো সংস্কার হয়নি। সাঁইথিয়া বাইপাস রাস্তায় পিচ উঠে বড় বড় পাথর বেরিয়ে গিয়েছে। সামন্ত বাজার এলাকার রাস্তায় পানীয় জলে পাইপ লাইনের জন্য খোঁড়াখুড়িতে সেই রাস্তাও বেহাল হয়ে পড়েছে। সিউড়ি শহরের টিন বাজার থেকে চৈতালী মোড় পর্যন্ত রাস্তায় নির্বাচনের আগে পিচের আস্তরণ দেওয়া হয়। কিন্তু রাতে ফের বালি, পাথরের ভারী যান চলাচলের ফলে সেই পিচের আস্তরণ বেশ কিছু জায়গায় উঠতে শুরু করেছে। এ বিষয়ে শহরের ব্যবসায়ীদের অভিযোগ, রাত হলেই ভারী যান চলাচল শহরের মধ্যে দিয়ে বেড়ে গিয়েছে। বেশ কিছুদিন বন্ধ থাকার পর ফের আবার চালু হয়েছে ভারী গাড়ি। কয়েক মাস আগে এই ভারী যান চলাচলের ফলে বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। ফলে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে বাজারের বেশ কিছু অংশ পরে সেটিকে মেরামত করা হয়। শহরের বাসিন্দা ইন্দ্রনীল গঙ্গোপাধ্যায় বলেন, বৃষ্টির জলে শহরের রাস্তার হাল অত্যন্ত শোচনীয়। বিশেষ করে বাসস্ট্যান্ডের সামনে রাস্তার হাল অত্যন্ত শোচনীয়। বেশ কিছু সময় ওই বেহাল রাস্তায় উলটে যাচ্ছে টোটো। প্রশাসনের কাছে দ্রুত সংস্কারের আর্জি জানাই। এবিষয়ে এক আধিকারিক বলেন, পুজোর আগে শহরের অধিকাংশ বেহাল রাস্তা সংস্কারের নজর দেওয়া হবে।



