Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

মালদহে নামানো হল ওয়াটার উইং বাহিনী, বাঁধ তৈরি করছে সেচদপ্তর

মালদহে নামানো হল ওয়াটার উইং বাহিনী, বাঁধ তৈরি করছে সেচদপ্তর
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, মালদহ: জল বাড়ছে গঙ্গায়। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মালদহে নামানো হল ওয়াটার উইং বাহিনী। বর্ষা মোকাবিলায় কোমর বেঁধে প্রস্তুতি নিচ্ছে জেলা প্রশাসন। ব্লকে ব্লকে মকড্রিল শুরু করছে আপদামিত্র’র ভলান্টিয়াররা। রাজ্য থেকে চেয়ে পাঠানো হয়েছে আরও কিছু স্পিডবোট। বর্ষায় পরিস্থিতি মোকাবিলায় দফায় দফায় বৈঠকে বসছে জেলা প্রশাসন। মালদহের জেলাশাসক নীতিন সিঙ্ঘানিয়া বলেন, বিগতদিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবছর জোর প্রস্তুতি নিয়েছি। সেচদপ্তরও জোরকদমে বাঁধ নির্মাণ করছে। 

Advertisement

রাজ্য থেকে ইতিমধ্যে ওয়াটার উইং বাহিনী এসে জেলায় পৌঁছেছে। তাদের মালদহের বন্যাপ্রবণ চারটি ব্লক মানিকচক, রতুয়া-১, হরিশ্চন্দ্রপুর-২ এবং ইংলিশবাজারে মোতায়েন করা হয়েছে। মালদহে ইতিমধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। 
শুক্রবার সকাল আটটা পর্যন্ত মালদহে গত চব্বিশ ঘণ্টায় ২১মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। যা বিগত কয়েক বছরের তুলনায় অনেকটাই বেশি। কারণ, পরিসংখ্যান বলছে, অন্যবছর এই সময় মালদহ জেলায় ১০মিলিমিটার বা তার নীচে বৃষ্টি হয়ে থাকে। 
এদিন বেলা বারোটা পর্যন্ত গঙ্গায় জল বেড়ে ২২.২০ মিটার ছুঁয়েছে। যদিও গঙ্গার বিপদসীমা ২৪.৬৯ মিটার। গঙ্গার আপারক্যাচমেন্টে ভারী বৃষ্টিপাতের ফলে এখানে জলস্তর বাড়ছে বলে খবর প্রশাসন সূত্রে। জল বাড়ছে মহানন্দা, ফুলহারেও। 
প্রশাসন সূত্রে খবর, প্রায় সাড়ে তিনহাজার সিভিল ডিফেন্স ভলান্টিয়ারের পাশাপাশি মালদহ জেলায় ৫০০জন আপদামিত্র সদস্য রয়েছেন। জেলার পনেরোটি ব্লকে তাঁদের মোতায়েন করা আছে। ইতিমধ্যেই ব্লকে ব্লকে আপদামিত্র ও সিভিল ডিফেন্স ভলান্টিয়াররা মকড্রিল শুরু করেছে। বর্ষা মোকাবিলায় বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের কাছে এই মুহূর্তে পাঁচটা স্পিড বোট ও সাতটা আউটবোট মোটর আছে। বিপর্যয় ব্যবস্থাপনার জন্য রাজ্যের কাছে আরও প্রায় দশ থেকে বারোটি স্পিডবোট চাওয়া হয়েছে। রাজ্য থেকে ৯৫০টি লাইফজ্যাকেট মালদহে পাঠানো হয়েছে। বর্ষায় আপৎকালীন পরিস্থিতি মোকাবিলার জন্য চারটি স্কুবাস্যুট বা ডুবুরি পোশাক রয়েছে। 
জেলায় ২৪টি ফ্লাড শেল্টার সংস্কারের প্রক্রিয়াও শুরু করেছে জেলা প্রশাসন। মালদহের এগারোটা ব্লকে ত্রাণসামগ্রী মজুত রাখার গুদাম আছে। গুদামগুলিতে ত্রাণসামগ্রী ঠিকঠাক আছে কি না, তা যাচাই করতে আগামী সপ্তাহ থেকে পরিদর্শন করা হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ