নিজস্ব প্রতিনিধি, বারাসত: পঞ্চায়েত প্রধানের পাড়াতেই দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের পাম্প। সমস্যায় পড়তে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও বাজারে আসা মানুষকে। প্রায় ৩০০ পরিবার জল সংগ্রহ করে এখানে। বাধ্য হয়ে কেউ কেউ জল কিনে খাচ্ছেন। অনেকেই বাড়িতে নলকূপ বসিয়ে জল ব্যবহার করছেন। জল সমস্যা নিয়ে দেগঙ্গার সোহাই-শ্বেতপুর গ্রাম পঞ্চায়েতের সোহাই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সমস্যার দ্রুত সমাধান করা হবে বলেই জানিয়েছে প্রশাসন। দেগঙ্গার সোহাই বাজারে ২০২২ সালের মাঝামাঝি রাজ্য সরকারের তহবিল থেকে প্রায় পাঁচ লক্ষের বেশি টাকা খরচে বিশুদ্ধ পানীয় জল প্রকল্প রূপায়িত হয়। বসানো হয় পাম্প। পাড়ায় পাড়ায় পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য পাইপ লাইনেরও কাজ হয়েছে। ২০২৪ সালের অক্টোবরে প্রাকৃতিক দুর্যোগে গাছ ভেঙে পড়ে ছাউনি, ট্যাঙ্ক, ইলেকট্রিক লাইনের ক্ষতি হয়। তারপর বেশ কিছুদিন বন্ধ ছিল পরিষেবা। ফের তা সারানো হয়। তবে কয়েক মাস পরেই ফের অকেজো হয়ে পড়ে পাম্প। তারপর আর তা ঠিক হয়নি। জল বের হয় না। জল না ওঠার কারণে সেই রিজার্ভার জমে গিয়েছে নোংরা, আগাছা। ভেঙে গিয়েছে কংক্রিটের দেওয়াল। স্থানীয়দের অভিযোগ, সরকারিভাবে এই পাম্প বসানো হলেও কাজ হয়নি। ডিসেম্বর পর্যন্ত চলার পথ তা বন্ধ হয়ে গিয়েছে। ফলে এলাকার মানুষ নিজেদের মতো করে পানীয় জলের সংস্থান করছেন। পাশেই রয়েছে সোহাই বাজার। সেখানে রয়েছে একাধিক দোকান। হাজার হাজার মানুষের নিত্য যাতায়াত আছে। তাঁরা প্রয়োজনে পানীয় জল পাচ্ছেন না। পাশাপাশি বহু বাড়িতে পানীয় জল যাচ্ছে না। স্থানীয় বাসিন্দা জব্বার আলি, ফিরোজ সাহাজি বলেন, শেষবার প্রাকৃতিক দুর্যোগে গাছ ভেঙে পড়ায় পাম্প বিকল হয়। তারপর সারানো হয়েছিল। কিছুদিন চলার পর তা আবার বেহাল। মানুষ পানীয় জল পাচ্ছে না। এই গরমে সমস্যা আরও বাড়বে। সোহাই-শ্বেতপুর পঞ্চয়েতের প্রধান ইত্তেসাম খাতুন বলেন, দ্রুত এটি আগের মতো সচল করা হবে।



