Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

জলের সমস্যা: সঙ্কট চরমে, পুরসভায় বিক্ষোভ বিরোধীদের

জলের সমস্যা: সঙ্কট চরমে, পুরসভায় বিক্ষোভ বিরোধীদের
  • ৪ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: বর্ষাতেও জল সঙ্কট অব্যাহত। মঙ্গলবারও চাহিদা মতো তিস্তা নদীর জল পরিস্রুত করে সরবরাহ করতে পারেনি শিলিগুড়ি পুরসভা। এমনকী, তারা জলের ট্যাঙ্ক নির্দিষ্ট সময়ে ওয়ার্ডে পাঠাতে পারেনি। এনিয়ে পথ নামল বিরোধীরা। এদিন সিপিএম এবং বিজেপি পৃথকভাবে পুরসভা ঘেরাও করে তুমুল বিক্ষোভ দেখায়। তারা মেয়র গৌতম দেবের পদত্যাগের দাবি করেন। 

Advertisement

এদিকে, জল সমস্যার জন্য এদিন ফুলবাড়ি জল প্রকল্পের প্লান্ট, তিস্তা-মহানন্দা লিঙ্ক ক্যানেল ও মহানন্দা ব্যারেজ পরিদর্শন করেন মেয়র। বিরোধীদের আন্দোলন নিয়ে মেয়র অবশ্য জানান, পানীয় জল নিয়ে এমন পরিস্থিতি তৈরির জন্য দায়ী সিপিএম পরিচালিত বিগত বোর্ড। ওরা এখন ‘সাধু’ সেজে বিজেপিকে সঙ্গে জল নিয়ে রাজনীতি করার চেষ্টা করছে। কাজেই ওদের বক্তব্য গুরুত্বহীন। যুদ্ধকালীন তৎপরতায় সমস্যা মেটানোর চেষ্টা চলছে। 
সিকিমে বৃষ্টির তীব্রতা কমলেও তিস্তা নদীর জল এখনও ঘোলা। যার জেরে তিস্তা-মহানন্দা লিঙ্ক ক্যানেল থেকে চাহিদা মতো জল তুলে পরিস্রুত করতে পারছে না পুরসভা। তিনদিন ধরে এই পরিস্থিতি অব্যাহত। এজন্য এদিন সকাল সাড়ে ৮টা নাগাদ ওয়ার্ডে ওয়ার্ডে ট্যাঙ্ক পাঠানোর কথা থাকলেও তা করতে পারেনি পুরসভা। এজন্য এদিন সকাল থেকে জলের জন্য হাহাকার পড়ে যায়। পাত্র নিয়ে নাগরিকরা বিভিন্ন প্রান্ত ঘুরে বেড়ান। অনেকে বেশি দাম দিয়ে বাজার থেকে জলের জার কেনেন। সকাল ১০টা নাগাদ ওয়ার্ডে ওয়ার্ডে পৌঁছয় ট্যাঙ্ক। এরপর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। 
এমন আবহে এদিন পুরসভা ঘেরাও করে সিপিএম ও বিজেপি। এজন্য এদিন সকাল থেকেই পুরসভায় বিশাল পুলিস বাহিনী মোতায়েন ছিল। প্রথমে মিছিল করে পুরভবনের সামনে আসে সিপিএম। তাদের একাংশ ধাক্কাধাক্কি করায় পুরসভার গেটের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সিপিএম কাউন্সিলার শরদিন্দু চক্রবর্তী বলেন, জল সঙ্কট মেটাতে ব্যর্থ মেয়র। ওঁর পদত্যাগ করা উচিত। এরপর বিজেপিও পুরভবনের সামনে বিক্ষোভ দেখায়। তারা জলের পাত্র সেখানে ভাঙেন। পুরসভার বিরোধী দলনেতা বিজেপির অমিত জৈন বলেন, তৃণমূল পরিচালিত পুরবোর্ড জল সমস্যা মেটাতে ব্যর্থ।

Advertisement
সম্পর্কিত সংবাদ