Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

রাস্তা নির্মাণে ফেটেছে জলের পাইপ, পরিষেবায় বিঘ্ন, ক্ষোভ

রাস্তার কাজ করতে গিয়ে ফেটেছে পিএইচই-র পাইপ। এর জেরে জল পরিষেবার সমস্যায় ক্ষোভ বাড়ছে নকশালবাড়ি ব্লকের মণিরামের কেটুগাবুর জোতে।

রাস্তা নির্মাণে ফেটেছে জলের পাইপ, পরিষেবায় বিঘ্ন, ক্ষোভ
  • ৭ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, নকশালবাড়ি: রাস্তার কাজ করতে গিয়ে ফেটেছে পিএইচই-র পাইপ। এর জেরে জল পরিষেবার সমস্যায় ক্ষোভ বাড়ছে নকশালবাড়ি ব্লকের মণিরামের কেটুগাবুর জোতে। ফেব্রুয়ারি মাসে ওই এলাকায় আদিবাসী উন্নয়ন ও অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তরের প্রায় ৩০লক্ষ টাকার বরাদ্দে দেড় কিমি রাস্তার কাজের সূচনা হয়। তবে ওই রাস্তার কাজ করতে গিয়ে আর্থমুভার দিয়ে মাটি খুঁড়তেই জলের পাইপ ফেটে যায়। এতে সেই গর্তে জমছে জল। এনিয়ে স্থানীয়রা একাধিকবার অভিযোগ জানালেও সুরাহা হয়নি। মাসখানেক ধরে তা মেরামত নিয়ে বিন্দুমাত্র উদ্যোগ নেই বলে অভিযোগ। এতে ওই এলাকার ৫০টি পরিবার পানীয় জলের সমস্যায় ভুগছে। 

Advertisement

স্থানীয় বাসিন্দা জসিলা মল্লিক বলেন, টিউবওয়েলে জল নেই। রাস্তার কাজের জেরে পাইপে ফাটল ধরেছে। এর জেরে কলে জল আসছে না। অথচ তা মেরামতের বিষয় নিয়ে কারও উদ্যোগ নেই। অপরএক বাসিন্দা সরগো সিংহ বলেন, গ্রামে উন্নয়নমূলক কাজ হচ্ছে তা ঠিক। তবে এর জেরে আমরা পানীয় জল পাচ্ছি না। কিংবা পাইপ ফাটার জেরে জল অপচয় হচ্ছে। তা মেনে নেওয়া যায় না। এমনকি সেটা কেউ দেখছে না। 
মণিরাম গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষ বলেন, রাস্তার কাজে জলের পাইপটি ফেটেছে তা ঠিক। তবে গ্রামবাসীরা এনিয়ে আমাকে কোনও অভিযোগ জানায়নি। বরং আমি নিজেই রাস্তার কাজ খতিয়ে দেখতে গিয়ে সমস্যাটি দেখতে পাই। এরপর এনিয়ে পিএইচই দপ্তরে জানিয়েছিলাম। পিএইচই ইঞ্জিনিয়ার এসে এলাকাটি পরিদর্শন করে সংশ্লিষ্ট এজেন্সিকে তা মেরামতের নির্দেশ দিয়েছে। খুব শীঘ্রই তা মেরামত হয়ে যাবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ