সংবাদদাতা, শিলিগুড়ি: গরম পড়তেই তীব্র জলকষ্ট। কুয়োয় জল শুকিয়ে যাওয়ার মুখে। ফলে ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চলে গরমের শুরুতেই পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে।
সংবাদদাতা, শিলিগুড়ি: গরম পড়তেই তীব্র জলকষ্ট। কুয়োয় জল শুকিয়ে যাওয়ার মুখে। ফলে ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চলে গরমের শুরুতেই পানীয় জলের হাহাকার দেখা দিয়েছে।
এলাকাবাসীর এই দুর্ভোগের জন্য বিজেপির বিরুদ্ধে তোপ দাগল তৃণমূল কংগ্রেস। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র ডাবগ্রাম-২ পঞ্চায়েত বিজেপির দখলে রয়েছে। এই বিধানসভা এলকার জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য তৃণমূলের মণীষা রায় বলেন, গরম পড়তেই এলকার বহু মানুষ আমাকে পানীয় জলের সঙ্কট ও বেহাল রাস্তা নিয়ে অভিযোগ জানিয়েছেন। ডাবগ্রাম-ফুলবাড়ি বিধানসভা এলাকায় জলের সমস্যা সমাধানে বিভিন্ন জায়গায় রিজার্ভার তৈরির কাজ চলছে। রিজার্ভার তৈরির জন্য জমি পাওয়া নিয়ে সমস্যা ছিল। তারমধ্যেও আমরা বিভিন্ন জায়গায় রিজার্ভার তৈরির কাজ শুরু করেছি। ডাবগ্রাম-২ পঞ্চায়েতেও রিজার্ভার তৈরি হচ্ছে। কিন্তু এই রিজার্ভার থেকে এলাকায় জল সরবরাহের জন্য পাইপ বসানোর কাজ এখনও শুরু করতে পারেনি বিজেপি পরিচালিত ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েত। খুব শীঘ্রই রিজার্ভার তৈরির কাজ শেষ হয়ে যাবে। কিন্তু পাইপ না বসানোর ফলে সেই সুবিধা ওই পঞ্চায়েত এলাকার বহু মানুষ পাবে না। তাদের আরও বেশকিছু দিন অপেক্ষা করতে হবে।
মণীষাদেবীর আরও অভিযোগ, গ্রাম পঞ্চায়েতের কাজেও বিজেপি প্রধান রাজনৈতিক ভেদাভেদ করছেন। তৃণমূল সদস্যদের এলাকায় কাজ দিচ্ছেন না। ফলে বহু এলাকায় রাস্তা বেহাল হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থাও নেই।
যদিও এসব অভিযোগ মানতে নারাজ ডাবগ্রাম-২ গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান মিতালী মালাকার। তিনি বলেন, দীর্ঘদিন এখানে তৃণমূল ক্ষমতায় ছিল। তারা জলের সমস্যা সমাধানের উদ্যোগ নেয়নি বলেই এই সমস্যা এখনও জিইয়ে রয়েছে। বেশকিছু জায়গায় রিজার্ভার তৈরি হচ্ছে। রিজার্ভার তৈরি হওয়ার পরই আমরা পাইপ বসানোর কাজ শুরু করব।
কাজের ক্ষেত্রে বৈষম্যের অভিযোগ ভিত্তিহীন বলে জানান মিতালীদেবী। তিনি বলেন, সামান্য টাকা পায় গ্রাম পঞ্চায়েত। যেটুকু কাজ হয়েছে তাতে সবাইকে ছোট হলেও কাজ দেওয়া হয়েছে।
শুধু পানীয় জল নয়। বেহাল রাস্তা ও নিকাশি ব্যবস্থা নিয়েও এলাকার মানুষের মধ্যে ক্ষোভ দানা বাঁধছে। পঞ্চায়েত ভোটের প্রচারে এলাকার বেহাল রাস্তা, নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। ক্ষমতায় বসার দেড় বছর পরেও ডাবগ্রাম-২ পঞ্চায়েত এলাকার অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে অভিযোগ বাসিন্দাদের। রাস্তা ভেঙেছে নতুন করে। বহু জায়গা জঙ্গলে ঢেকেছে। প্রধান বলেন, আমরা যেটুকু টাকা পেয়েছি তাই দিয়েই কাজ করছি। বেশ কয়েকটি রাস্তার কাজ হয়েছে। নতুন আর্থিক বছরে বাকি কাজ শেষ করা হবে।