সংবাদদাতা, কৃষ্ণনগর: টানা বৃষ্টিতে বারংবার থমকে যাচ্ছে প্রতিমা তৈরির কাজ। একদিকে প্রচুর অর্ডারের চাপ, অন্যদিকে আবহাওয়ার খামখেয়ালির জন্য কার্যত দিশেহারা কৃষ্ণনগরের মৃৎশিল্পীরা। সামনে হাতে গোনা আর কিছুদিন, তারপরেই শুরু উৎসবের মরশুম। কিন্তু বৃষ্টির দাপটে প্রতিমা শুকতে না পেরে মৃৎশিল্পীরা সমস্যায় পড়েছেন। ঠিকমতো রোদ না থাকায় প্রতিমার মাটির প্রলেপ শুকোচ্ছে না। ফাটল ধরছে কাঠামোয়। ফলে দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে প্রতিমা তৈরির কাজ। বৃষ্টির কারণে মাটি, খড় বা অন্যান্য কাঁচামাল ভিজে যাচ্ছে। এর ফলে মৃৎশিল্পীদের সময় ও খরচ দুটোই অনেক বেড়ে যাচ্ছে।
সামনে শুধু দুর্গাপুজো নয়, আছে এই শহরের সবচেয়ে বড় উৎসব জগদ্ধাত্রী পুজো। এছাড়া রয়েছে বিশ্বকর্মা, গণেশ, কালীপুজো। ফলে অর্ডারও প্রচুর। কিন্তু বৃষ্টির খামখেয়ালির কারণে কোনোভাবেই দ্রুত কাজ শেষ করতে পারছেন না শিল্পীরা। এর ফলে সময়মতো কাজ শেষ করা নিয়ে চিন্তায় পড়েছেন মৃৎশিল্পীরা। কেউ কেউ ত্রিপল দিয়ে ঘর ঢেকে কাজ করছেন। প্রতিমা শুকানোর জন্য শিল্পীরা গ্যাস হিটার, হ্যালোজেন লাইট, ফ্যান প্রভৃতি নানা সামগ্রী ব্যবহার করছেন।
শিল্পী মৃন্ময় পাল বলেন, এবার যেন বৃষ্টি যাচ্ছেই না। এখনও বৃষ্টি হয়ে চলেছে। সারাদিন মেঘলা হয়ে থাকছে, রোদ উঠছে না। প্রতিমা শুকোচ্ছে না। সময় নষ্ট হচ্ছে প্রচুর। চিন্তা এখন সমস্ত অর্ডার ঠিকমতো দিতে পারা নিয়ে।
আরও এক মৃৎশিল্পী স্বরূপ ঘোষ বলেন, একটি প্রতিমা সম্পূর্ণ হতে বেশ কিছু ধাপ পেরোতে হয়। প্রথমে মূর্তি গড়ার পর রং, তারপর সাজসজ্জা আছে। ফলে অনেকটা সময় লাগে সব কিছুতেই। এখন প্রতিমা গড়তেই যদি দেরী হয়। পরে খুব তাড়াহুড়ো করতে হয়। -নিজস্ব চিত্র