সংবাদদাতা, হিলি: বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে বালুরঘাট পুরসভার ট্রাক টার্মিনাসে। ফলে সমস্যায় পড়ছেন গাড়ি চালক ও মালিকরা। তাঁদের বক্তব্য, সামান্য বৃষ্টি হলেই টার্মিনাসের একাংশে জল দাঁড়িয়ে যায়। জমে থাকা জলে গাড়িচালক সহ মেকানিকরা কাজ করতে সমস্যায় পড়েন। পুর কর্তৃপক্ষ সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।
বালুরঘাট-হিলি জাতীয় সড়কের ধারে মঙ্গলপুর এলাকায় রয়েছে পুরসভার ট্রাক টার্মিনাস। টার্মিনাসের কর্তব্যরত এক কর্মী জানিয়েছেন, পুরসভার নির্ধারিত ফি দিয়ে ট্রাক, বাস ও ছোট গাড়ি পার্কিং করা হয়। প্রতিদিন গড়ে প্রায় ৫০ টি গাড়ি থাকে। টার্মিনাসে নিজের গাড়ির ফিটনেস টেস্ট করাতে এসে শ্যামনগরের ইউনূস আলি মণ্ডল বলেন, বৃষ্টি হলেই টার্মিনাসে জল দাঁড়িয়ে যায়। ফলে কাজ করতে সমস্যা হয়। পতিরামের ট্রাক্টর চালক দ্বিজেন মুর্মু, ট্রাকচালক রতন পালদেরও একই বক্তব্য।
বেহাল টার্মিনাস মেরামতের পাশাপাশি নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাস মালিক সুমিত মহন্ত। বলেছেন, দীর্ঘদিন ধরে এখানে বাস রাখি। জল-যন্ত্রণার পাশাপাশি টার্মিনাস থেকে গাড়ির যন্ত্রাংশও চুরি যাচ্ছে।
এ প্রসঙ্গে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, টার্মিনাসের অভ্যন্তরীণ নিরাপত্তা ও চুরি রুখতে নিরাপত্তা কর্মী রাখা আছে। সিসি ক্যামেরাও বসানো আছে। চুরি নিয়ে পুরসভার কাছে কোনও অভিযোগ আসেনি। নিচু অংশের জমা জল বের করে দিতে নিকাশিনালা মেরামতের কাজ চলছে। নিজস্ব চিত্র