সংবাদদাতা, আলিপুরদুয়ার: টানা ১৪ বছর ধরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালের মর্গের সামনে জমা হওয়া বর্জ্য এবার সরছে। ২২ জানুয়ারি প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকের দিন জেলা হাসপাতালের ওই বর্জ্য দেখে যান রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ। পরে জেলাশাসক আর বিমলা ও স্থানীয় পুর চেয়ারম্যান প্রসেনজিৎ করও ওই বর্জ্য দেখে আসেন। তারপরেই বর্জ্য সরানোর উদ্যোগ শুরু হয়েছে প্রশাসন ও স্বাস্থ্যদপ্তরের তরফে। এজন্য শীঘ্রই বরাত দেওয়া হচ্ছে মেডিক্যাল ওয়েস্ট নিয়ে কাজ করা কোনও বেসরকারি এজেন্সিকে।
আলিপুরদুয়ারের জেলাশাসক আর বিমলা বলেন, জেলা হাসপাতালের মর্গের সামনে জমা থাকা ওই বর্জ্য সরাতে টেন্ডার ডাকা হচ্ছে। রাজ্যের স্বাস্থ্যদপ্তর থেকেই এই টেন্ডার ডাকা হচ্ছে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল বলেন, ইতিমধ্যেই কয়েকটি এজেন্সি ওই বর্জ্যের স্তূপ দেখে গিয়েছে। টেন্ডার ও ওয়ার্ক অর্ডার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আপাতত ওই বর্জ্য টিন দিয়ে ঘিরে রাখা হবে। জেলা হাসপাতালের ক্যাম্পাসে জমা হওয়া আবর্জনা নিয়মিত নিয়ে যায় পুরসভার গাড়ি। কিন্তু মর্গের সামনে জমা হওয়া ওই বর্জ্যের পাহাড় মেডিক্যাল ওয়েস্ট হওয়ায় স্থানীয় পুরসভার পক্ষে তা সরানো সম্ভব নয়। মর্গের সামনে ওই বর্জ্যের স্তূপ থেকে আসা দুর্গন্ধের জেরে অতিষ্ঠ হয়ে উঠেছিল ওয়ার্ডে ভর্তি থাকা রোগী ও রোগীর আত্মীয়রা। ওই গন্ধের জন্য বিপাকে পড়তে হতো ময়নাতদন্তে আসা মৃতের আত্মীয় স্বজনদেরও। কিন্তু মেডিক্যাল ওয়েস্ট পরিষ্কারের কাজ করে এমন বেসরকারি এজেন্সি ছাড়া ওই বর্জ্য সরানো সম্ভব ছিল না। মুখ্যমন্ত্রীর নির্দেশে মুখ্যসচিব দেখে যাওয়ার পর এবার ওই বর্জ্য সরানোর কাজ শুরু হবে।