Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

জাতীয় দলে ফিরতে চাই, মন্তব্য রাহানের

জাতীয় দলে ফিরতে চাই, মন্তব্য রাহানের
  • ৩ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শেষবার ভারতের প্রতিনিধিত্ব করেছেন বছর দুয়েক আগে। পোর্ট অব স্পেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই টেস্টের পর টিম ইন্ডিয়ার চৌহদ্দি থেকে ছিটকে গিয়েছেন অজিঙ্কা রাহানে। কিন্তু কামব্যাকের স্বপ্ন ছাড়েননি তিনি। ৩৬ বছর বয়সি শুক্রবার সাফ বলেছেন, ‘ভারতীয় দলে ফিরতে চাই। আমার মধ্যে সেই খিদে ও প্রবল ইচ্ছা রয়েছে। ফিটনেসের দিক দিয়েও পিছিয়ে নেই। তবে এ নিয়ে বেশি ভেবে নিজেকে চাপে ফেলছি না। সামনের ম্যাচে ফোকাস রাখছি। এখন আইপিএলই ধ্যানজ্ঞান। তারপর ভবিষ্যতে কী হয়, দেখা যাক।’

Advertisement

৮৫টি টেস্ট, ৯০টি ওডিআই এবং ২০টি টি-২০ খেলেছেন রাহানে। সাদা বলের ক্রিকেটে সাত বছরেরও বেশি জাতীয় দলের বাইরে তিনি। তবুও সামনে তাকাচ্ছেন মুম্বইকর। তাঁর কথায়, ‘আমি এমন একজন মানুষ, যে কখনওই হাল ছাড়ে না। সবসময় চেষ্টা করে যাই। মাঠে সেরাটা মেলে ধরাই লক্ষ্য থাকে। ১০০ শতাংশেরও বেশি দিতে চাই প্রতি মুহূর্তে। নিজের নিয়ন্ত্রণে যা রয়েছে, তাতে মন দিই। তাই ঘরোয়া ক্রিকেট খেলছি। উপভোগও করছি।’
আন্তর্জাতিক ক্রিকেটে ১৫টি শতরানের মালিক আরও বলেন, ‘প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি সামনে থাকা লক্ষ্য অর্জনের জেদ নিয়ে। আমার কাছে দেশের প্রতিনিধিত্ব করার চেয়ে কোনও কিছুই বড় নয়। ফের জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে চাই। তার জন্য অফ-সিজনেও দুটো-তিনটে সেশন ঘাম ঝরিয়েছি। জানি, নিজেকে ফিট রাখা অত্যন্ত দরকার। সেজন্য ডায়েটেও ফোকাস রেখেছি। ক্রিকেটকে আগের মতোই ভালোবাসি।’
আইপিএলে ক্রমাগত ব্যর্থ নাইট রাইডার্সের বেঙ্কটেশ আয়ারের পাশেও দাঁড়িয়েছেন রাহানে। যথার্থ নেতার মতোই বলেছেন, ‘প্রত্যেক ক্রিকেটারের জীবনেই এমন ঘটে। সবরকম চেষ্টা করেও তখন রান আসে না। কিন্তু ওর যোগ্যতা নিয়ে কোনও সংশয় নেই। আমরা সবাই ওর পাশে রয়েছি। ফর্মে ফেরার থেকে মাত্র একটা ইনিংস দূরে বেঙ্কটেশ।’ ওপেনিং জুটি যে বড় স্কোর খাড়া করতে সমস্যায় পড়ছে, তা মেনে নিয়েছেন অধিনায়ক। রাহানের মতে, ‘সুনীল নারিন অতীতে ভালো খেলেছে ওপেনিংয়ে। এই মরশুমে আমরা কুইন্টন ডি’ককের উপর ভরসা রেখেছিলাম। কিন্তু ও ধারাবাহিকতা দেখাতে পারেনি।’

সম্পর্কিত সংবাদ