নয়াদিল্লি: সংবিধান অনুযায়ী, চিহ্নিত ফুটপাত দিয়ে হাঁটা প্রত্যেক পথচারীর মৌলিক অধিকার। রাস্তায় যানবাহন চলার তুলনায় এটি অগ্রাধিকার পাবে। পথ দুর্ঘটনায় মৃত্যুতে ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলার রায় দিতে গিয়ে শুক্রবার একথা জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি পি এস নরসিমা ও বিচারপতি এএস চন্দুরকরের বেঞ্চের পর্যবেক্ষণ, ‘যদি কোনো রাস্তা থাকে, তাহলে সেখানে পথচারীদের জন্য ফুটপাত চিহ্নিত করা অত্যন্ত জরুরি। সেই ফুটপাতের রক্ষণাবেক্ষণ পর্যন্ত করতে হবে। এই দায়িত্ব আইনত কার্যকর করা বাধ্যতামূলক। সুনির্দিষ্ট ফুটপাতে হাঁটার অধিকার না পেলে নাগরিকরা আইনি সাহায্য নিতে পারেন।’ সম্প্রতি স্কুলে যাওয়ার সময় ট্রাকের ধাক্কায় একটি পাঁচ বছরের শিশুর মৃত্যু হয়। জানা গিয়েছে, ঘটনাস্থলে কোনো সুনির্দিষ্ট ফুটপাত ও পারাপারের জায়গা ছিল না। ঘটনায় ক্ষতিপূরণ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন শিশুটির বাবা। এদিন শীর্ষ আদালত সেই মামলায় ১১ লক্ষ ৪৪ হাজার ৬২৮ টাকা ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার নির্দেশ দিয়েছে। দু’মাসের মধ্যে মৃতের বাবার হাতে সেই টাকা তুলে দিতে হবে।



