Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ভোটারদের বাদ দিয়ে ভোট হবে না: বিমান, কমিশনে স্মারকলিপি দিয়ে বামেদের অবস্থান প্রত্যাহার

নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বামদলগুলোর রাতভর অবস্থান বৃহস্পতিবার বিকেলে শেষ হল। ৬০ লক্ষ ভোটারকে বিচারাধীন করে রাখা ও প্রকৃত ভোটারদের ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিলেন বাম নেতৃত্ব

ভোটারদের বাদ দিয়ে ভোট হবে না: বিমান, কমিশনে স্মারকলিপি দিয়ে বামেদের অবস্থান প্রত্যাহার
  • ৬ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নির্বাচন কমিশনের দপ্তরের সামনে বামদলগুলোর রাতভর অবস্থান বৃহস্পতিবার বিকেলে শেষ হল। ৬০ লক্ষ ভোটারকে বিচারাধীন করে রাখা ও প্রকৃত ভোটারদের ভোটাধিকার হরণের চেষ্টার বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশনের কাছে ডেপুটেশন দিলেন বাম নেতৃত্ব। বেরিয়ে এসে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বললেন, ‘৬০ লক্ষাধিক ভোটারকে বাদ দিয়ে কি ভোট হবে? ভোট করতে হবে প্রতিটি ভোটারকেই যুক্ত করে। কোনো ভোটারকে বাদ দিয়ে ভোট হবে না।’ এদিনই দুপুরে কমিশনের অফিস অভিমুখে ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকির নেতৃত্বে আইএসএফ মিছিল করে আসে। 

Advertisement

বিমানবাবু বলেন, ‘আধিকারিক বললেন, বিচারাধীন প্রায় ৬ লক্ষ ভোটার ঠিক হওয়ার মুখে। আমরা বলছি, ৬০ লক্ষের কাছে এ তো নস্যি! যাঁদের বাবা-মা ভোটার। তাঁদের বিচারাধীন রাখা হবে কেন? সবর্দল বৈঠক হওয়ার কথা রয়েছে। ওঁরা বলছে, সেখানে আপনারা বলবেন।’ 
প্রসঙ্গত, বুধবার বিকেলে স্মারকলিপি জমা দিতে এসেছিল বামদলগুলো। কিন্তু স্মারকলিপি নেওয়ার জন্য কেউ ছিলেন না। ফলত, সারারাত মীনাক্ষী মুখোপাধ্যায়রা রাস্তাতেই বসেছিলেন। 
বিমানবাবু এদিন বলেন, ‘১৯৭১ সাল থেকে কলকাতায় যত নৈশ আন্দোলন হয়েছে, তার কোনোটায় বাদ থাকিনি। ডাক্তারের পরমার্শ মেনে এবার থাকতে পারিনি।’ 
এদিন বিকেলের জনসভায় বামপন্থী কর্মী-সমর্থকরা ভিড় জমিয়েছিলেন। সভা থেকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘৮ মার্চ প্রস্তুতি নিন, ওইদিন কমিশনের ফুল বেঞ্চ দিল্লি থেকে আসবে। আমরা বোঝাব পশ্চিমবঙ্গ কীভাবে অতিথিদের স্বাগত জানায় আর শত্রুদের বিতাড়ন করে। রাজ্যজুড়ে সর্বত্র বিডিও, এসডিও ও ডিএম অফিসে বিক্ষোভ দেখানো হবে। লজিক্যাল ডিস্ক্রিপেন্সি মানছি না। আমরা হাইকোর্টে রিট পিটিশন করছি।’ 
এদিন নৌশাদরাও স্বচ্ছ ভোটার তালিকার দাবিতে কমিশনের স্মারকলিপি দেন। কিন্তু বামদলগুলোর সঙ্গে আইএসএফ একযোগে আন্দোলন করল না কেন? নৌশাদ বলেন, ‘আগামীদিনে আমরা একসঙ্গেও আন্দোলন করতে পারি। কিন্তু আমাদের উদ্দেশ্য একই।’
কমিশনের অফিস থেকে বেরোনোর সময় নৌশাদ ও সেলিম দূর থেকে হাত নাড়িয়ে সৌজন্য বিনিময় করেন। এরই মাঝে সিইও দপ্তরে হুমায়ুন কবিরকেও দেখা যায়। ওদিকে সদ্য তৃণমূলে যাওয়া প্রতীক উর রহমান বামেদের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন। তার উত্তরে সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, ‘উনি ক্লোজড চ্যাপ্টার। স্ক্রিপ্ট দেখে কী বলছেন, আমাদের কাছে তার গুরুত্ব নেই।’ 

Advertisement
সম্পর্কিত সংবাদ