Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

সোনারপুর দক্ষিণে লাভলি ও রূপার বাগযুদ্ধ ঘিরে বাড়ছে ভোটের উত্তাপ

সোনারপুর দক্ষিণে লাভলি ও রূপার বাগযুদ্ধ ঘিরে বাড়ছে ভোটের উত্তাপ
  • ৩ এপ্রিল, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: তাপমাত্রা সঙ্গে এবার ভোটের পারদও চড়তে শুরু করেছে। সাধারণত নির্বাচনি যুদ্ধের উত্তাপ কিছুটা প্রশমন করে রাজনৈতিক সৌজন্য। কিন্তু সোনারপুর দক্ষিণে দেখা যাচ্ছে, দুই তারকা প্রার্থীর মধ্যে সেই সৌজন্য তো দূরস্থ, উল্টে সুযোগ পেলেই তাঁরা একে অপরকে কটাক্ষ, আক্রমণ করছেন। প্রচারের মাত্রা যত বাড়ছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তৃণমূল কংগ্রেসের লাভলি মৈত্র ও বিজেপির প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের বাগযুদ্ধ। সাংবাদিক বৈঠক থেকে তৃণমূল প্রার্থীকে ল্যাম্পপোস্ট  বলে কটাক্ষ করেছেন বিজেপি প্রার্থী। পাল্টা হাসিমুখে এর উত্তরে লাভলি বলেন, আমি ব্যক্তি আক্রমণ করি না। মহিলাদের অপমান করার পক্ষপাতীও নই। ওটা বিজেপির কালচার।

Advertisement

ঠিক কী বলেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়? সাংবাদিক বৈঠকে নিজের কথা রাখতে গিয়ে তিনি বলেন, তৃণমূল দলে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। সোনারপুর দক্ষিণের বিধায়কও একজন ল্যাম্পপোস্ট। এই নিয়ে সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকায় বাজার গরম হওয়ার উপক্রম ছিল। অনেকেই ভেবেছিলেন, কড়া প্রতিক্রিয়া দেবেন লাভলি। কিন্তু কোনো ব্যক্তি আক্রমণে যাননি তিনি। উল্টে নিজের প্রতিদ্বন্দ্বীকে শুভেচ্ছা জানিয়েছেন। মনে করিয়ে দিয়েছেন, বিজেপি মহিলাদের অসম্মান করে। 
সব মিলিয়ে আক্রমণ, কটাক্ষে সরগরম সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র। এখানে কঠিন লড়াইয়ে শামিল হয়েছেন এখনও পর্যন্ত পাঁচজন মহিলা প্রার্থী। শেষ পর্যন্ত ভোটে কে জয়লাভ করে শেষ হাসি হাসেন, তা জানা যাবে ৪ মে, ভোটের ফল ঘোষণার দিন। দুই দলের প্রার্থী এখন নিজের মতো এলাকায় ঘুরছেন। ভোটারদের কাছে ভোট চাওয়ার পাশাপাশি তুলে ধরছেন প্রতিশ্রুতির ডালি। লাভলি যেমন রোজই কোনো না কোনো এলাকা ঘুরছেন। জনসংযোগে জোর দিচ্ছেন। কর্মিসভা চলছে বাকি সময়ে। কিন্তু রূপদেবী আপাতত ঘরোয়া বৈঠকই বেশি করছেন। বিজেপির এলাকা প্রদক্ষিণ এখনও সেভাবে শুরু হয়নি। 

Advertisement
সম্পর্কিত সংবাদ