Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

কাল অভিষেকের ভার্চুয়াল বৈঠক, মিলতে পারে ছাব্বিশের ভোটবার্তা

কাল অভিষেকের ভার্চুয়াল বৈঠক, মিলতে পারে ছাব্বিশের ভোটবার্তা
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আগামীকাল, শনিবার ভার্চুয়াল মাধ্যমে সাংগঠনিক বৈঠক করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৈঠকে থাকবেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। তৃণমূলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি ও সাংগঠনিক দায়িত্বপ্রাপ্তদের ভার্চুয়াল বৈঠকে ডাকা হয়েছে। বিকেল চারটার সময় বৈঠক হবে। অনলাইন যোগাযোগ ব্যবস্থার সূত্র ধরে সকলের সঙ্গে মিলিত হবেন অভিষেক। এর আগে লোকসভা নির্বাচনের সময় এই বৃহৎ পরিসরে সাংগঠনিক বৈঠক করেছিলেন তিনি। এবার বিধানসভার নির্বাচনের আগে একটি বৈঠক করতে চলেছেন ‘তৃণমূলের সেনাপতি’। যেহেতু একবছর বাদেই বিধানসভা নির্বাচন, ফলে এখন থেকেই ভোটযুদ্ধে নেমে পড়ার বার্তা অভিষেকের বক্তব্যে উঠে আসবে বলেই খবর। মনে করা হচ্ছে, সময় নষ্ট না করে এখন থেকেই ছাব্বিশের লক্ষ্যে দলের সব জনপ্রতিনিধি ও দলীয় পদাধিকারীদের ভোটমুখী কোনও নির্দেশ অভিষেক দেবেন। বিশেষ করে, এখন ভোটার তালিকায় নজরদারি বাড়িয়েছে তৃণমূল। জেলায় জেলায় চলছে স্ক্রুটিনি। ভুয়ো ভোটার খোঁজার কাজ এবং ভোটার তালিকার দিকে নজর রাখার বিষয়ে সুনির্দিষ্ট কোনও নির্দেশ অভিষেকের বক্তব্যে উঠে আসবে বলেই খবর। ছাব্বিশের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে কীভাবে নেতা-কর্মীরা এগবেন, রণকৌশলের বিষয়ে অভিষেকের বক্তব্যে বার্তা থাকতে পারে বলে খবর।

Advertisement

অন্যদিকে, গত ২ জানুয়ারি থেকে ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হয়েছিল সেবাশ্রয় কর্মসূচি। ৭০ দিন অতিক্রম করা এই কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পেয়েছেন ৯ লক্ষ ৬৬ হাজার ২২৬ জন। বৃহস্পতিবার, শেষদিন মহেশতলায় ৫০ জনকে বিশেষ শ্রবণযন্ত্র দেওয়া হয়। এরপর ১৬-২০ মার্চ মেগা স্বাস্থ্যশিবির হবে ডায়মন্ডহারবার লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্রে।           

Advertisement
সম্পর্কিত সংবাদ