Bartaman Logo
৯ জুন, ২০২৬

ভিআইপি প্রোটোকল: সংসদে সরব জয়া বচ্চন

আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স। এমনকি সাংসদদের পর্যন্ত বেরতে দেওয়া হচ্ছে না। থমকে যাচ্ছে যাবতীয় জরুরি কাজও। ভিআইপি প্রোটোকল নিয়ে এবার সংসদে সরব হলেন সমাজবাদী পার্টির (সপা) সাংসদ জয়া বচ্চন।

ভিআইপি প্রোটোকল: সংসদে সরব জয়া বচ্চন
  • ২৪ মার্চ, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আটকে যাচ্ছে অ্যাম্বুলেন্স। এমনকি সাংসদদের পর্যন্ত বেরতে দেওয়া হচ্ছে না। থমকে যাচ্ছে যাবতীয় জরুরি কাজও। ভিআইপি প্রোটোকল নিয়ে এবার সংসদে সরব হলেন সমাজবাদী পার্টির (সপা) সাংসদ জয়া বচ্চন। সোমবার রাজ্যসভার জিরো আওয়ারে এব্যাপারে সরব হন জয়া।  দেশের উপরাষ্ট্রপতি তথা রাজ্যসভার চেয়ারম্যানকে হস্তক্ষেপের আর্জিও জানিয়েছেন সপা সাংসদ। তিনি বলেন, আমরা সংসদ ভবনের শার্দুল দ্বার দিয়ে বেরচ্ছিলাম। সেইসময় ভিআইপি মুভমেন্টের কথা জানিয়ে আমাদের আটকে দেওয়া হয়। দরজা বন্ধ করে অপেক্ষার জন্য বলা হয়। বেশ কিছুক্ষণ আমাদের এভাবেই আটকে থাকতে হয়েছিল। সাংসদরাও নাকি ভিআইপিদের জন্য থ্রেট! এর আগে বিগত ২২ বছরে আমার এমন অভিজ্ঞতা কখনও হয়নি। সপা সাংসদ বলেন, এভাবে রাস্তা বন্ধ করে ভিআইপি মুভমেন্ট করানো শুধুমাত্র যানজট বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানই করে না। এর ফলে অ্যাম্বুলেন্সও আটকে যায়। এর ফলে সমস্যায় পড়তে হয় রোগী এবং তাঁর পরিবারের সদস্যদের। বিশ্বের অন্য কোনো শহরে এদৃশ্য দেখতে পাওয়া যায় না। অবিলম্বে এমন ‘ভিআইপি কালচার’ বন্ধের জন্য উপরাষ্ট্রপতিকে কেন্দ্রের সঙ্গে আলোচনার অনুরোধ করেছেন জয়া বচ্চন। এদিন রাজ্যসভার জিরো আওয়ারে কক্ষের চেয়ারম্যান সি পি রাধাকৃষ্ণানের উদ্দেশে তিনি বলেন, আপনি দেশের উপরাষ্ট্রপতি। অবিলম্বে এই প্রবণতা বন্ধ করা প্রয়োজন। নাহলে দেশের করদাতাদেরই স্বস্তি দেওয়া যাবে না। করদাতারাই মর্যাদা হারাবেন। অথচ একজন করদাতা এবং দেশের একজন আমজনতাই আমাদের সংসদে পাঠান। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ