সংবাদদাতা, উলুবেড়িয়া: বন্ধ ফ্ল্যাট থেকে এক ভিয়েতনামি নাগরিকের মৃতদেহ উদ্ধার করল আমতা থানার পুলিস। ঘটনাটি ঘটেছে বুধবার, আমতার চন্দ্রপুর ফাঁড়ির পানপুর অশ্বথতলায়। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম কার্লহেইঞ্জ উইলি বেউর (Karlheinz Willi Baur) (৬৮)। পুলিস সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তি জগৎবল্লভপুর থানা এলাকার একটি কারখানায় কাজ করতেন। পুলিস মৃতদেহটি ময়নাতদন্তের জন্য উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে পাঠিয়েছে।
পুলিসের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, এক বছরের ভিসা নিয়ে এই ব্যক্তি ভারতে এসেছিলেন। দুইমাস তিনি ওই কারখানায় কাজ করছিলেন। রোজ অফিসের গাড়ি এসে তাঁকে বাড়ি থেকে নিয়ে যেত। রোজের মতো বুধবার সকালেও গাড়ির চালক ওই ব্যক্তিকে নিতে আসেন। কিন্তু একাধিবার ফ্ল্যাটের কলিং বেল বাজালেও কোন সাড়া না পেয়ে তিনি প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা জানালা দিয়ে লক্ষ্য করেন, ওই ব্যক্তি খাটে শুয়ে আছেন। পরে পুলিসে খবর দিলে আমতা থানার পুলিস দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে। আমতা গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিস ভিয়েতনাম দূতাবাসের সঙ্গে যোগাযোগ করছে।