বাড়িতে সন্তান এবং কর্মক্ষেত্রে পেশাদার দায়িত্ব— একসঙ্গে ব্যালান্স করে চলতে অভ্যস্ত মহিলারা। কিন্তু নতুন মায়েদের ক্ষেত্রে এই ভারসাম্য বজায় রাখা বেশ কঠিন। বিশেষত অভিনয়ের মতো পেশায় নির্দিষ্ট সময় বেঁধে কাজ হয় না। সেখানে একসঙ্গে এই দুই গুরুদায়িত্ব পালন করা সহজ নয়। সেজন্যই নতুন মায়েদের আট ঘণ্টা শ্যুটিংয়ের দাবি তুলেছেন দীপিকা পাড়ুকোন। গত কয়েক মাস ধরে বলিউডে তাঁর এই দাবি নিয়ে বহু আলোচনা হয়েছে। কেউ দীপিকার দাবি সমর্থন করেছেন। কেউ বা নায়িকাকে সমালোচনায় বিদ্ধ করেছেন। এবার দীপিকার সমর্থনে মুখ খুললেন বিদ্যা বালন। সদ্য এক সাক্ষাৎকারে তিনি জানান, এই বিষয় নিয়ে ইন্ডাস্ট্রির চিন্তাভাবনা করা উচিত। নতুন মায়েদের কাজের সময় নিয়ে পরিচালক, প্রযোজক সহ গোটা টিমের নমনীয় হওয়া উচিত। তবে সকলের জন্য এই ব্যবস্থার প্রয়োজন নেই বলেই মনে করেন বিদ্যা। তাঁর কথায়, ‘আমি যে ধরনের ছবিতে অভিনয় করি, আট ঘণ্টা শ্যুটিং করে সেটা শেষ করার মতো বাজেট থাকে না। আমাকে বাড়িতে গিয়ে অভিভাবকের দায়িত্বও পালন করতে হয় না। ফলে আমার হাতে সময় থাকে। অন্তত ১২ ঘণ্টা আমি অনায়াসে শ্যুটিং করতে পারি।’



