নিজস্ব প্রতিনিধি, আরামবাগ: মুখ্যমন্ত্রী ও রাজ্যবাসীর নামে সংকল্প করে জগন্নাথদেবের পুজো করলেন আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায়। বুধবার আরামবাগ শহরের পুরাতন সব্জি বাজারে তৃণমূলের পার্টি অফিসের সামনে মণ্ডপ তৈরি করে জগন্নাথদেবের পুজোর আয়োজন করা হয়। এদিনই দীঘায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবনির্মিত জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। তাই দিনটিকে স্মরণীয় করে রাখতে আরামবাগেও ভাইস চেয়ারম্যানের উদ্যোগে জগন্নাথদেবের পুজো করা হয়। সকাল থেকে সেখানে বিশেষ পুজোপাঠ হয়েছে। জগন্নাথ, বলরাম ও সুভদ্রার একসঙ্গে পুজো হয়।
পুরাতন সব্জি বাজারে দিনভর মানুষের আনাগোনা থাকে। এদিনও সকাল থেকে সেখানে ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জগন্নাথদেবের পুজোয় শামিল হন। পাশাপাশি অন্যান্য ওয়ার্ডের বাসিন্দারাও পুজো দেখতে ও প্রসাদ নিতে আসেন। অংশ নেন তৃণমূলের কর্মীরাও। ওই ওয়ার্ডের কাউন্সিলার তথা আরামবাগ পুরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখোপাধ্যায় জগন্নাথদেবের কাছে রাজ্যবাসীর ও মুখ্যমন্ত্রীর নামে সংকল্প করেন। মমতাদেবী বলেন, দীঘায় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক উদ্যোগে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে। যা একটি ইতিহাস। মুখ্যমন্ত্রীর এমন উদ্যোগকে সংহতি জানাতে আমরাও এখানে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে জগন্নাথদেবের পুজো করেছি। সারা দেশবাসী যেন শান্তিতে থাকেন, সেই কামনাই করেছি। একইসঙ্গে আমাদের মুখ্যমন্ত্রীর সুস্থতাও কামনা করছি। তিনি ভালো থাকলে তবেই আমরা ভালো থাকব। আমাদের রাজ্যে উন্নয়নের ধারা বজায় থাকবে। এদিন বহু ভক্তকে প্রসাদ দেওয়া হয়। রাতে ভক্তদের খিচুড়ি প্রসাদও খাওয়ানো হয়।