Bartaman Logo
২৮ জুলাই, ২০২৬

ফুলের তোড়া ‘জাতীয় অপচয়’ নয়, বিজেপি সাংসদ তেজস্বীকে জবাব ব্যবসায়ী সংগঠনের

গত সপ্তাহে বিয়ে করেছেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। পাত্রী গায়িকা ও ভারতনাট্যম শিল্পী শিবাশ্রী স্কন্দপ্রসাদ।

ফুলের তোড়া ‘জাতীয় অপচয়’ নয়, বিজেপি সাংসদ তেজস্বীকে জবাব ব্যবসায়ী সংগঠনের
  • ১১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

বেঙ্গালুরু: গত সপ্তাহে বিয়ে করেছেন বেঙ্গালুরু দক্ষিণের বিজেপি সাংসদ তেজস্বী সূর্য। পাত্রী গায়িকা ও ভারতনাট্যম শিল্পী শিবাশ্রী স্কন্দপ্রসাদ। রবিবার ছিল তাঁদের রিসেপশন। তার আগে এক্স হ্যান্ডলে তেজস্বী একটি ভিডিও পোস্ট করে অতিথিদের উপহার হিসেবে ফুলের তোড়া বা ড্রাই ফ্রুটস না আনার অনুরোধ করেছিলেন। তাঁর যুক্তি ছিল, এই সব ফুল ও ফল অনুষ্ঠানের পর ফেলে দেওয়া হয়। অথচ এর জন্য বছরে কয়েকশো কোটি টাকা খরচ হয়।  পুরো বিষয়টিকে ‘জাতীয় অপচয়’ হিসেবেও আখ্যা দিয়েছিলেন বিজেপি সাংসদ। কিন্তু তাঁর ভিডিও ছড়িয়ে পড়তেই বিতর্ক তৈরি হয়েছে। সাংসদের বক্তব্যের কড়া সমালোচনা করেছে ফুল ব্যবসায়ীদের সংগঠন। তাদের দাবি, ফুল চাষ করে সারা ভারতে প্রচুর মানুষের সংসার চলে। তাই অবিলম্বে তেজস্বীকে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে হবে।

Advertisement

তেজস্বী তাঁর ভিডিওয় জানান, বিয়ের অনুষ্ঠানে যে ফুলের তোড়া উপহার দেওয়ার হয়, তার ৮৫ শতাংশ অনুষ্ঠানের ২৪ ঘণ্টার মধ্যেই ফেলে দেওয়া হয়। এছাড়া প্রতি বছর ৩ লক্ষ কেজি ড্রাই ফ্রুটসও অব্যবহৃত অবস্থায় পড়ে থাকে। এই ফুল ও ফলের জন্য ৩১৫ কোটি টাকা প্রতি বছরে খরচ হয় বলেও দাবি করেছিলেন তিনি। কিন্তু তেজস্বীর এই দাবি মানতে নারাজ সাউথ ইন্ডিয়া ফ্লোরিকালচার অ্যাসোসিয়েশন। সংগঠনের সভাপতি টি এম অরবিন্দের বক্তব্য, ‘একজন দায়িত্বশীল নেতার মুখে এই ধরনের মন্তব্য একেবারেই বেমানান। জাতীয় অপচয়  আখ্যা দিয়ে ফুলচাষ করে জীবিকা নির্বাহ করা কয়েক লক্ষ কৃষকের কঠোর পরিশ্রমকেও ছোট করে দেখা হচ্ছে।’ তিনি জানান, তেজস্বীর নিজের রাজ্য কর্ণাটকেই ৩৮ হাজার হেক্টর জমিতে ফুল চাষ হয়। ১১ লক্ষ মানুষ এর উপর প্রত্যক্ষ ও পরোক্ষভাবে নির্ভরশীল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ