মুম্বই, ২৩ অক্টোবর: সুপারস্টার অমিতাভ বচ্চন ও পাঞ্জাবি গায়ক-অভিনেতা দিলজিৎ দোসাঞ্জকে হুমকি ইমেল ঘিরে চাঞ্চল্য ছড়ায় গোটা মুম্বই নগরীতে। আজ শুক্রবার মুম্বই পুরসভার দপ্তরে ওই ইমেল আসার পর তৎপর হয়ে ওঠে মুম্বই পুলিশ। এরপর তদন্ত শুরু হয়। অমিতাভের বাড়িতে হামলা এবং আগামী ২৭শে নভেম্বর মুম্বইয়ে দিলজিতের কনসার্টে আত্মঘাতী হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
‘মুম্বই, বোম্বে বোলেগা খালিস্তানি জিন্দাবাদ’ বিষয়-সহ পাঠানো ওই ইমেলে প্রেরক নিজের নাম স্মিথ জনসন বলে উল্লেখ করেছে। আগামী ৩১ অক্টোবর অমিতাভ বচ্চনের বাড়িতে গ্রেনেড হামলার হুমকিও দেওয়া হয়েছে ওই ইমেলে। পাশাপাশি নির্দিষ্ট কোনো প্রতিষ্ঠানের নাম না করে স্কুলগুলিতে হামলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দুপুর ৩টে ১১ মিনিটে মুম্বইয়ের মেয়রের দপ্তরকে নিশানা করার কথাও উল্লেখ রয়েছে ইমেলে।
এছাড়াও, খালিস্তানপন্থী বলে দাবি করা কয়েকটি সংগঠনের নাম এবং কয়েকজন ব্যক্তির উল্লেখ রয়েছে ওই বার্তায়। ঘটনার পর বিএমসি দপ্তর সহ বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ। তবে কোনো সন্দেহজনক বস্তু মেলেনি এখনও পর্যন্ত।
পুলিশের এক উচ্চ আধিকারিক জানান, বিএমসি দপ্তরে হুমকি ইমেল পাওয়ার পর তল্লাশি চালানো হয়েছে। সন্দেহজনক কিছু পাওয়া যায়নি এখনও পর্যন্ত। ইমেলের উৎস ও হুমকির বিশ্বাসযোগ্যতা খতিয়ে দেখছে তদন্তকারী দল। আতঙ্কিত না হওয়ার আবেদনও জানানো হয়েছে সাধারণ মানুষকে।



