Bartaman Logo
১০ জুন, ২০২৬

ভিবি-জি রাম জি: খসড়া বিধি প্রকাশ কেন্দ্রের, চাওয়া হল মতামত

মনরেগা অতীত। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হতে চলেছে ভিবি-জি রাম জি। ২০২৫ সালে পাশ হওয়া নতুন এই জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা যোজনা আইন কার্যকরের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে।

ভিবি-জি রাম জি: খসড়া বিধি প্রকাশ কেন্দ্রের, চাওয়া হল মতামত
  • ২৪ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি (পিটিআই): মনরেগা অতীত। আগামী ১ জুলাই থেকে দেশজুড়ে চালু হতে চলেছে ভিবি-জি রাম জি। ২০২৫ সালে পাশ হওয়া নতুন এই জাতীয় গ্রামীণ কর্মনিশ্চয়তা যোজনা আইন কার্যকরের বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে। এবার এই নয়া আইন সংক্রান্ত খসড়া বিধি প্রকাশ করল কেন্দ্র। শনিবার প্রকাশিত খসড়া বিধিগুলি নিয়ে জনগণের কাছে মতামত প্রদানের আর্জি জানিয়েছে সরকার। আইনটির ৩৩ ও অন্যান্য সংশ্লিষ্ট ধারার অন্তর্গত এই খসড়া বিধিগুলি জনসমক্ষে আনা হয়েছে। সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে বৃহত্তর আলোচনা ও মতামতের ভিত্তিতে চূড়ান্ত বিধি নির্ধারিত হবে।

Advertisement

কেন্দ্রের তরফে প্রকাশিত খসড়া বিধিগুলিতে মনরেগা থেকে ভিবি-জি রাম জি-তে প্রকল্প স্থানান্তর হওয়ার ক্ষেত্রে প্রয়োজনীয় বিষয়গুলির দিশা রয়েছে। এছাড়া, জাতীয় স্তরে স্টিয়ারিং কমিটি ও কেন্দ্রীয় গ্রামীণ রোজগার গ্যারান্টি কাউন্সিল গঠন, প্রশাসনিক খরচ, অভিযোগ নিষ্পত্তি, মজুরি ও বেকার ভাতা প্রদান, আইনসভা না থাকা কেন্দ্রশাসিত অঞ্চলে খরচ কীভাবে হবে ইত্যাদি বিভিন্ন বিষয়েও দিশা দেখানো হয়েছে খসড়া বিধিগুলিতে।
গ্রামোন্নয়ন মন্ত্রকের আধিকারিকরা বলছেন, দেশজুড়ে এই নয়া আইন কার্যকরের জন্য প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক, প্রশাসনিক, আর্থিক ও পরিচালনগত কাঠামো গঠনের লক্ষ্যে এই খসড়া বিধিগুলি প্রকাশ করা হয়েছে। আলোচনা প্রক্রিয়ার লক্ষ্য হল সংশ্লিষ্ট সব পক্ষের অংশীদায়িত্ব নিশ্চিত করা এবং সব রাজ্য সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, বিশেষজ্ঞ, নাগরিক সংগঠন ও সাধারণ মানুষের গঠনমূলক মতামত সংগ্রহ করা। মনরেগা প্রকল্পের অন্তর্গত যেসব কাজ বর্তমানে চলছে, 
সেগুলি অক্ষুণ্ণ রেখেই নয়া জি রাম জি যোজনা শুরু করা, বকেয়া অর্থপ্রদান, বিভিন্ন নথি ও রেকর্ড স্থানান্তর, ই-কেওয়াইসি ভিত্তিক জবকার্ডের মেয়াদ সহ বিভিন্ন ইস্যুতেও দিশা দেখানো হয়েছে খসড়া বিধিতে।      

Advertisement
সম্পর্কিত সংবাদ