নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: এখন আর স্রেফ রাস্তা তৈরি বা পুকুর কাটার কাজ নয়। ভিবি-জি রাম-জি (বিকশিত ভারত–গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) প্রকল্পে পশু খাদ্যের চাষও করা যাবে। তা সে ব্যক্তিগত হোক বা গোষ্ঠীর। মিলবে ১২৫ দিনের কাজের সুবিধা। পশ্চিমবঙ্গ সহ রাজ্যগুলিকে এমনই নির্দেশিকা দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার কথা বলেছে গ্রামোন্নয়ন মন্ত্রক। গবাদি পশুর চারণভূমি গড়ে তোলার কাজও করা যাবে ভিবি রামজি’তে। গবাদি পশু, ছাগল, শূকর, হাঁস-মুরগির খামার তৈরি, সারাই এবং রক্ষণাবেক্ষণের কাজও করা যেতে পারে কেন্দ্রীয় এই প্রকল্পে। দুধ সংগ্রহ কেন্দ্র গড়ে তোলা হবে মোদি সরকারের এই নতুন প্রকল্পে।
কিন্তু এই প্রকল্পে কেন পশু খাদ্য চাষ, দুধ সংগ্রহের মতো কাজ যুক্ত করতে হচ্ছে? তবে কি ১২৫ দিনের কাজের গ্যারান্টি নিয়ে প্রচারের ঢাক পেটানো মোদি সরকার তা নিশ্চিত করতেই পারছে না? উঠছে প্রশ্ন। যদিও সরকারের বক্তব্য, মানুষের কর্মসংস্থানের পরিধি বাড়াতেই ভিবি–জি রাম জি’র আওতায় অনুমোদিত মোট ৩৭৫টি কাজের তালিকা থেকে খড়-বিচালির মতো ২২টি প্রাসঙ্গিক কাজে রাজ্যগুলিকে উদ্যোগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। গ্রামোন্নয়ন মন্ত্রকের ব্যাখা, পশুখাদ্যের অভাব দূর করার পাশাপাশি ছোট ও প্রান্তিক কৃষক এবং গবাদি পশু ও দুগ্ধ ব্যবসার ওপর নির্ভরশীল ভূমিহীন পরিবারের জীবিকা নিশ্চিত করতেই এই উদ্যোগ। কারণ, মূল লক্ষ্য, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত গড়া।



