বাস্তব জীবনের চরিত্রকে পর্দায় ফুটিয়ে তোলা চ্যালেঞ্জ বলেই মনে করেন অভিনেতা বরুণ ধাওয়ান। এবার তেমনই চ্যালেঞ্জ তাঁর সামনে। শোনা যাচ্ছে, ‘বর্ডার ২’ ছবিতে মেজর হোশিয়ার সিং দাহিয়ার চরিত্রে অভিনয় করবেন বরুণ। ১৯৭১ সালে ভারত-পাক যুদ্ধে অসাধারণ সাহসিকতা ও বীরত্বের কারণে পরমবীর চক্র সম্মানে ভূষিত হয়েছিলেন তিনি। সূত্রের খবর, ইতিমধ্যে বরুণের লুক টেস্ট হয়েছে। সেনাবাহিনীর জীবনযাত্রা বুঝতে তাঁদের সঙ্গে সময় কাটিয়েছেন, কথা বলেছেন অভিনেতা। জোরকদমে প্রস্তুতি চালাচ্ছেন তিনি। শীঘ্রই হরিয়ানায় নিজের অংশের শ্যুটিং শুরু করবেন নায়ক। ঘোষণার পর থেকেই এই ছবি ঘিরে দর্শকমহলে আগ্রহ তুঙ্গে। কয়েকদিন আগেই সানি দেওল সিদ্ধান্ত নিয়েছিলেন, যতদ্রুত সম্ভব এই ছবির শ্যুটিং শেষ করা হবে। তাঁর হাতে আমির খানের সঙ্গে ‘লাহোর: ১৯৪৭’ও রয়েছে। সেই ছবির কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।



