


নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবারের আইপিএলে প্লে-অফের অঙ্ক রীতিমতো জটিল হয়ে উঠেছে। ১২ ম্যাচে ১১ পয়েন্টে থাকা কলকাতা নাইট রাইডার্সও টিকে রয়েছে দৌড়ে। অবশ্য তার জন্য সবার আগে শেষ দুটো ম্যাচ জেতা জরুরি। বুধবার মুম্বই ইন্ডিয়ান্স ও রবিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবেন অজিঙ্কা রাহানেরা। জয়ের ধারা বজায় রাখতে পারলে কেকেআরের পয়েন্ট হবে ১৫। সেক্ষেত্রে প্রথম চারটি দলের মধ্যে থাকার আশা থাকবে। পাশাপাশি অন্য ম্যাচের ফলও সহায়ক হতে হবে। কিন্তু কোনো ম্যাচ হারলে এবারের মতো বিদায় নিশ্চিত।
সোমবার ইডেনে প্রচণ্ড গরমের মধ্যেও রাহানে ব্রিগেড তাই জোরদার প্রস্তুতিতে ডুবে রইল। অঙ্গকৃশ রঘুবংশী, ফিন অ্যালেন, ক্যামেরন গ্রিনরা ব্যাট হাতে ভরসা জোগাচ্ছেন। বোলিংয়ে সুনীল নারিন এখনও ক্ষুরধার। তবে চোটের কবলে থাকা বরুণ চক্রবর্তী ও মাথিশা পাথিরানা আসেননি এদিনের অনুশীলনে। বুধবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে তাঁদের খেলা নিয়ে সংশয় তাই বাড়ছে। বরুণ না খেললে নিশ্চিতভাবেই বোলিংয়ের ধার কমবে নাইটদের। কিন্তু গত ম্যাচে খোঁড়াতে খোঁড়াতে মিস্ট্রি স্পিনারের বোলিং নিয়ে জন্ম নিয়েছে বিতর্ক। আনফিট বরুণকে খেলানোয় বিরক্ত বোর্ড কর্তারা। কেকেআর কর্তৃপক্ষ তাঁকে নিয়ে আর কোনো ঝুঁকি নেবে বলে মনে হয় না।
পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বই অবশ্য অনেক আগেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে। তবে সোমবার ইডেনে রীতিমতো প্রতিজ্ঞাবদ্ধ দেখাল রোহিত শর্মা, যশপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদবদের। চোটের জন্য গত কয়েক ম্যাচে খেলেননি ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া। তার জেরে মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাঁর দূরত্বের খবরও ছড়িয়েছিল। তবে হার্দিক এদিন দলের সঙ্গে দীর্ঘক্ষণ ঘাম ঝরালেন। কোনো রকম অস্বস্তি ধরা পড়েনি।