নাগোয়া: এশিয়ান গেমসে অভিযান শুরুর আগেই ছিটকে গেলেন ভারতীয় মার্শাল আর্ট প্লেয়ার বরুণ সান্যাল। প্রতিযোগিতায় নামার আগে রুটিনমাফিক সনা বাথ করতে গিয়ে জ্ঞান হারান তিনি। এরপর চিকিৎসকেরা তাঁকে আনফিট ঘোষণা করেন। ফলে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করতে বাধ্য হন ভারতীয় ক্রীড়াবিদ।
এশিয়ান গেমসে এই প্রথম যুক্ত হয়েছে মিক্সড মার্শাল আর্ট। ভারতের হয়ে সেই ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করার কথা ছিল বরুণের। ৭৭ কেজি বিভাগে নামার কথা ছিল তাঁর। মার্শাল আর্টে নির্দিষ্ট ওজনের মধ্যে থাকতে সনা বাথ নেওয়া গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতার আগে সেই প্রক্রিয়ার সময়েই বিপত্তি ঘটে। সনা বাথের সময় শরীরে জলের পরিমাণ দ্রুত কমে যাওয়ায় পেশিতে টান ধরে এবং জ্ঞান হারান বরুণ।
এই ঘটনার জন্য অবশ্য আয়োজকদের অব্যবস্থাকেও দায়ী করছেন অনেকে। নাগোয়া পৌঁছানোর পর থেকেই একাধিক সমস্যার মুখে পড়তে হয় ক্রীড়াবিদদের। ঘর পাওয়ার জন্য প্রায় ১০ ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে বরুণদের। সেই সময়ে খাওয়া-দাওয়াতেও অনিয়ম ঘটে। এরপর সনা বাথে গিয়ে পরিস্থিতি আরও খারাপ হয়। জ্ঞান হারানোর পর বেশ কিছুক্ষণ সেখানেই পড়েছিলেন বরুণ। পরে নেপালের এক প্রতিযোগী তাঁকে দেখতে পেয়ে চিকিৎসকদের খবর দেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। চিকিৎসকরা পরীক্ষা করে তাঁকে প্রতিযোগিতার জন্য অনুপযুক্ত ঘোষণা করেন। ফলে এশিয়ান গেমসে ঐতিহাসিক মিক্সড মার্শাল আর্ট ইভেন্টে ভারতের হয়ে নামার স্বপ্ন শেষ হয়ে গেল বরুণ সান্যালের।