নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: জাতীয় সংগীতের আগে ‘বন্দে মাতরম্’-এর ছয়টি স্তবক ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে গাইতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন নৈহাটি বঙ্কিমভবন গবেষণা কেন্দ্রের অধ্যক্ষ রতন নন্দী। তিনি বলেন, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরম্-এর দুটি স্তবক গাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তার অনুমোদন দিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধী। হঠাৎ করে সাম্প্রদায়িক বিদ্বেষে উস্কানি দিতেই ছয়টি স্তবক গাইবার সিদ্ধান্ত হল। যেখানে জাতীয় সংগীত গাইতে সময় লাগে ৫২ সেকেন্ড, সেখানে তার আগে ৩ মিনিট ১০ সেকেন্ড ধরে ছাত্র-ছাত্রীসহ সাধারণ মানুষকে বন্দে মাতরাম্-এর ছটি স্তবক মুখস্থ করে গাওয়া কঠিন ব্যাপার। এই প্রস্তাব অবাস্তব এবং এতে বিবেচনা বোধের অভাব আছে। বঙ্কিম-গবেষক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের এই সিদ্ধান্তের কঠোর সমালোচনা করলেন। তিনি বললেন, বন্দে মাতরম্-এর দুটি স্তবকই গাওয়া হয় এবং সেটাই রাখা উচিত।



