নয়াদিল্লি: ১৫ বছর হতেই বৈভব সূর্যবংশীর সামনে খুলে গেল জাতীয় দলে দরজা। সুযোগ পেল ভারতীয় ‘এ’ দলে। এতদিন বিহারের বাঁ হাতি ব্যাটার বয়স ভিত্তিক দলের হয়েই প্রতিনিধিত্ব করেছে। এবার খেলবে সিনিয়র দলের হয়ে। শ্রীলঙ্কায় হবে ত্রিদেশীয় সিরিজ। তার জন্য ভারতীয় ‘এ’ দলের ১৫ জনের দলে রয়েছে সূর্যবংশী। দলকে নেতৃত্ব দেবেন তিলক ভার্মা। সিরিজে ভারত, শ্রীলঙ্কা ছাড়াও খেলবে আফগানিস্তান। আসলে পরের টি-২০ বিশ্বকাপের কথা মাথায় রেখে নির্বাচকরা বৈভবকে দেখে নিতে চাইছেন। শ্রীলঙ্কার মাটিতে ভালো পারফর্ম করলে ভারতের সিনিয়র টি-২০ স্কোয়াডেও সুযোগ পেতে পারে বৈভব। সেক্ষেত্রে তার সামনে সবচেয়ে কম বয়সে টিম ইন্ডিয়ার জার্সি গায়ে চাপানোর সুযোগ থাকবে। এখনও এই রেকর্ডের অধিকারী শচীন তেন্ডুলকর। চলতি আইপিএলে দুরন্ত ফর্মে বৈভব। তবে ভারতীয় ‘এ’ দলে তার সামনে রয়েছে কঠিন চ্যালেঞ্জ।



