Bartaman Logo
১৬ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তরবঙ্গে নেতাজির জন্মজয়ন্তী পালিত

উত্তরবঙ্গে নেতাজির জন্মজয়ন্তী পালিত
  • ২৪ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: বৃহস্পতিবার উত্তরবঙ্গজুড়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮ তম জন্মবার্ষিকী পালিত হয়। রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উদ্যোগে মূল অনুষ্ঠানটি হয় আলিপুরদুয়ার জেলার কালচিনির সুভাষিণী চা বাগানের মাঠে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন। তরাই-ডুয়ার্সে এই প্রথমবার এমন কর্মসূচি নেওয়া হল। শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে সরকারি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে নেতাজির জন্মজয়ন্তী পালন করা হয়। শোভাযাত্রারও আয়োজন করা হয়েছিল। 
Advertisement
সিতাইতে কয়েকশো মহিলার উপস্থিতিতে বর্ণাঢ্য মিছিল হয়। সিতাইয়ের তামাকহাট থেকে শুরু হয়ে সেই শোভাযাত্রা বিবেকানন্দ মিনি স্টেডিয়ামে এসে শেষ হয়। উপস্থিত ছিলেন কোচবিহারের এমপি জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া, সিতাইয়ের বিধায়ক সঙ্গীতা রায়। ২০১১ সাল থেকে সিতাইতে সুভাষ উৎসব শুরু হয়েছে। শীতলকুচি ব্লকজুড়ে সাড়ম্বরে পালিত হল নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শোভাযাত্রা করা হয় তৃণমূল  ও সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পক্ষ থেকে। ছোট শালবাড়ি পঞ্চায়েতের নগর নেপরা বুথে সংস্কৃতিক অনুষ্ঠান ও যাত্রাপালা হয়। শিলিগুড়ির নকশালবাড়ির রথখোলার সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন দার্জিলিংয়ের জেলাশাসক প্রীতি গোয়েল। এসেছিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ, মহকুমা শাসক অবধ সিংহল, নকশালবাড়ির বিডিও প্রণব চট্টরাজ। অনুষ্ঠান শেষে ডিএম বাংলার বাড়ি প্রকল্পের কাজ দেখতে রথখোলার বাসিন্দা প্রণব বিশ্বাসের বাড়িতে উপস্থিত হন। নির্মাণ কাজ খতিয়ে দেখেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ