Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

উত্তর ও গৌড়বঙ্গে হাসপাতালে বসে মাধ্যমিক দিল একাধিক 

উত্তর ও গৌড়বঙ্গে হাসপাতালে বসে মাধ্যমিক দিল একাধিক 
  • ১৬ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: রাজগঞ্জ ও জলপাইগুড়িতে শনিবার হাসপাতালে বসে অঙ্ক পরীক্ষা দিল দুই ছাত্র। প্রচণ্ড জ্বর ও কাশি নিয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি বন্ধুনগর দেবেন্দ্রনাথ হাইস্কুলের ছাত্র শুভঙ্কর রায়। তার পরীক্ষার সিট পড়েছে হরিহর হাইস্কুলে। বন্ধুনগর লাগোয়া ডাঙাপাড়ায় বাড়ি ওই ছাত্রের। এদিন হাসপাতালে ওই ছাত্রের জন্য পরীক্ষার ব্যবস্থা করা হয়। রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের মেডিক্যাল অফিসার বিশ্বজিৎ সরকার বলেন, ওই মাধ্যমিক পরীক্ষার্থী ১০৩ ডিগ্রি জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি। প্রয়োজনীয় পরীক্ষানিরীক্ষা চলছে।
Advertisement
অন্যদিকে, জলপাইগুড়ি মেডিক্যালের সুপার স্পেশালিটি হাসপাতালের সিক ওয়ার্ড থেকে এদিন মাধ্যমিক পরীক্ষা দেয় বিক্রম রায় নামে ময়নাগুড়ির এক ছাত্র। ময়নাগুড়ির ভোটপট্টি এইচবিএল হাইস্কুলের পড়ুয়া সে। ঘোকসাডাঙার একটি স্কুলে তার মাধ্যমিকের সিট পড়েছে। ময়নাগুড়ির সাপ্টিবাড়ি-২ পঞ্চায়েতের বাসিন্দা ওই ছাত্রকে গত বৃহস্পতিবার মাঝরাতে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। জখম অবস্থায় বিক্রমকে ভর্তি করা হয় জলপাইগুড়ি মেডিক্যালে। বিক্রমের বাবা বিশ্বনাথ রায় প্যান্ডেলের কাজ করেন। তিনি বলেন, আমি বাড়ি ছিলাম না। ছেলেকে কেন তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে জানি না। ময়নাগুড়ি থানায় অভিযোগ দায়ের করেছি। এদিন হাসপাতাল থেকে ছেলের মাধ্যমিক পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করে প্রশাসন। এতে আমরা খুশি। 
শনিবার মাধ্যমিকের অঙ্ক পরীক্ষার দিন কোচবিহার জেলায় মোট চারজন পরীক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। এর মধ্যে একজন মিশন হাসপাতাল, একজন এমজেএন ও দু’জন মাথাভাঙা মহকুমা হাসপাতাল থেকে পরীক্ষা দিয়েছে। এদিন মোট ৩৪ হাজার ৯৮৭ জন পরীক্ষা দিয়েছে। তার মধ্যে ১৯ হাজার ৪৪৭ জন ছাত্র, ১৫ হাজার ৫৪১ জন ছাত্রী। এদিন ২১৭ জন ছাত্র ও ৮৫৩ জন ছাত্রী অনুপস্থিত ছিল বলে মধ্য শিক্ষা পর্ষদের কোচবিহারের পরীক্ষা পরিচালন কমিটি সূত্রে জানা গিয়েছে। 
অসুস্থ হয়ে শনিবার নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে অঙ্ক পরীক্ষা দিল দুই পরীক্ষার্থী। একজনের নাম রেশমা পারভিন (১৭)। অপরজন দিশা ভগত্ (১৬)। বাড়ি সুলকাপাড়া গ্রামপঞ্চায়েতের খয়েরবাড়িতে। 
রেশমা গত শুক্রবার সন্ধ্যা থেকে আন্ত্রিকে আক্রান্ত হয়ে সুলকাপাড়া গ্রামীণ হাসপাতালে ভর্তি। এদিন শরীর স্থিতিশীল হলে হাসপাতালে পরীক্ষার ব্যবস্থা করা হয়। পরীক্ষাকেন্দ্র ছিল লুকসান লালবাহাদুর শাস্ত্রী হাইস্কুলে। সে  সুলকাপাড়া হাইস্কুলের ছাত্রী। দিশা নাগরাকাটা হিন্দি হাইস্কুলের ছাত্রী। তার পরীক্ষাকেন্দ্র ছিল সুলকাপাড়া হাইস্কুল। এদিন পরীক্ষা দেওয়ার সময় সে অসুস্থবোধ করে। এরপরই স্কুল কর্তৃপক্ষ তাকে দ্রুত সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রাথমিক চিকিৎসা করা হয়। এরপর হাসপাতালে তার পরীক্ষার ব্যবস্থা করা হয়। নিয়ম মেনে পুলিসি নিরাপত্তায় পরীক্ষা নেওয়া হয়।
শনিবার পরীক্ষা চলাকালীন হলদিবাড়িতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল এক মাধ্যমিক পরীক্ষার্থী। পরে হাসপাতালের বেডে বসেই পরীক্ষা দেয় মানিকগঞ্জ হাইস্কুলের ছাত্রী দেবপ্রিয়া রায়। স্কুল সূত্রে জানা গিয়েছে, দেবপ্রিয়ার পরীক্ষাকেন্দ্র ছিল বোনাপাড়া হাইস্কুল। এদিন অঙ্ক পরীক্ষা চলাকালীন সে অসুস্থ হয়ে পড়ে। সঙ্গে সঙ্গে মানিকগঞ্জ আউটপোস্টের পুলিসের সহযোগিতায় স্কুল কর্তৃপক্ষ দেবপ্রিয়াকে হলদিবাড়ি গ্ৰামীণ হাসপাতালে ভর্তি করে। কিছুটা সুস্থ হওয়ার পর হাসপাতালের বেডে বসেই সে পরীক্ষা দেয়। 
শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর গ্রামীণ হাসপাতালে বসেই অঙ্ক পরীক্ষা দিল মাধ্যমিক পরীক্ষার্থী। পরীক্ষার্থীর নাম সুলতানা পারভিন। সে দানগ্রাম হাইস্কুলের পরীক্ষার্থী। তার পরীক্ষা কেন্দ্র হরিরামপুর হাইস্কুল। পরীক্ষা শুরুর আগে পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। বিষয়টি নজরে আসে ভেনু ইনচার্জের। তিনি ছাত্রীকে হরিরামপুর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায়। হরিরামপুর থানার পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পরীক্ষার্থী হরিরামপুর হাসপাতালের বেডে বসেই মাধ্যমিক পরীক্ষা দিয়েছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ