Bartaman Logo
১০ জুন, ২০২৬

শীঘ্রই ভারত সফরে মার্কিন বিদেশ সচিব, আসতে পারেন ট্রাম্প

শুল্ক নিয়ে ভারত-মার্কিন টানাপোড়েনে ইতি পড়েছে। সম্প্রতি অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়েছে দুই দেশ।

শীঘ্রই ভারত সফরে মার্কিন বিদেশ সচিব, আসতে পারেন ট্রাম্প
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: শুল্ক নিয়ে ভারত-মার্কিন টানাপোড়েনে ইতি পড়েছে। সম্প্রতি অন্তর্বর্তী বাণিজ্য-সমঝোতায় সম্মত হয়েছে দুই দেশ। এর জেরে ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্ক কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে। এই আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের সম্ভাবনা নিয়ে মুখ খুললেন ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর। তাঁর কথায়, সঠিক সময়ে মোদি-ট্রাম্পের বৈঠক হবে। ইতিমধ্যেই তাঁকে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ঠিক থাকলে ভারতে আসতে পারেন মার্কিন প্রেসিডেন্ট। তার আগে শীঘ্রই ভারত সফরে আসছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সেই সফরে ভারত-আমেরিকার দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের আগ্রাসন কমাতে ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়া নিয়ে গঠিত কোয়াড সম্পর্কেও আলোচনা হতে পারে। 

Advertisement

এরইমাঝে রুশ তেল আমদানি নিয়েও মার্কিন আপত্তির বিষয়টি ফের স্পষ্ট করেছেন গোর।  শুক্রবার তিনি বলেন, ‘আমেরিকা চায় না, কেউ রাশিয়া থেকে তেল কিনুক। আর এই বিষয়টি আগেই স্পষ্ট করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’ মার্কিন রাষ্ট্রদূত বুঝিয়ে দিলেন, পরিস্থিতি আপাতত শান্ত। রাশিয়া থেকে ভারতের তেল কেনার পরিমাণও কমেছে। তবে রাশিয়া থেকে তেল কেনা চালিয়ে গেলে ফের ট্রাম্পের কোপে পড়তে পারেন বন্ধু ‘মোদি’। রাজধানী দিল্লিতে এআই ইমপ্যাক্ট সামিটে যোগ দিয়েছেন সার্জিও গোর। এরই ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর বক্তব্য, ‘বিষয়টি শুধু ভারত 
কেন্দ্রিক নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে শুরু থেকেই তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাই রাশিয়ার তেল বিক্রির সমস্ত পথ বন্ধ করার চেষ্টা চলছে। আমেরিকা চায় না কেউ রাশিয়া থেকে তেল কিনুক। এক্ষেত্রে ভেনেজুয়েলা থেকে তেল আমদানি নিয়ে ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে।’ সাংবাদিকদের তরফে প্রশ্ন, ভেনেজুয়েলা থেকে কি সরাসরি তেল আমদানি করা যাবে? নাকি আমেরিকা হয়ে এই তেল পাঠানো হবে? এনিয়ে মার্কিন রাষ্ট্রদূতের 
জবাব, এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ