নিজস্ব প্রতিনিধি, কলকাতা: টাইপ ১ ডায়াবেটিস চিকিৎসায় হাভার্ডের পৃথিবীখ্যাত বিশেষজ্ঞ ঘুরে গেলেন পিজি হাসপাতাল। টাইপ ১ ডায়াবেটিস মোকাবিলায় ‘বাংলা মডেল’-এর উচ্ছ্বসিত প্রশংসাও করলেন তিনি। রবিবার এক এক্স হ্যান্ডল বার্তায় একথা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, হাভার্ড মেডিকেল স্কুলের অ্যাসোসিয়েশন প্রফেসার ডাঃ জেন বুখম্যান সম্প্রতি পিজি হাসপাতাল পরিদর্শন করেন। টাইপ ১ ডায়াবেটিস মোকাবিলায় হাসপাতালের পাইলট প্রজেক্টের ভূয়সী প্রশংসা করেন। প্রসঙ্গত, পিজির এই প্রকল্প দেশজুড়ে অনন্য। মমতা জানিয়েছেন, টাইপ ১ ডায়াবেটিস মোকাবিলায় ‘বাংলা মডেল’ এখন ‘গ্লোবাল মডেল’।



