ওয়াশিংটন: ‘সুপার পাওয়ার’ নামেই। ‘পঙ্গু’ আমেরিকার প্রতিরোধ ব্যবস্থা! মার্কিন কংগ্রেসের শুনানিতে চাঞ্চল্যকর স্বীকারোক্তি আমেরিকার শীর্ষ প্রতিরক্ষাকর্তা মার্ক বার্কোভিৎজের। ইরানের সঙ্গে চলতি যুদ্ধের আবহেই পেন্টাগনের এই সিনিয়ার অফিসার বলেছেন, রাশিয়া, চীন বা অন্য শত্রু দেশ থেকে ধেয়ে আসা হাইপারসনিক অস্ত্র বা অ্যাডভান্সড ক্রুজ মিসাইলের বিরুদ্ধে মাতৃভূমিকে রক্ষা করার মতো প্রতিরোধী ব্যবস্থাই বর্তমানে মার্কিন সেনাবাহিনীর কাছে নেই। স্পেস পলিসি সংক্রান্ত অ্যাসিসেট্যান্ট সেক্রেটারি অব ওয়ার পদে থাকা বার্কোভিৎজের আরও বক্তব্য, শত্রু দেশগুলি বর্তমানে হাইপারসনিক ও লং রেঞ্জ ক্রুজ মিসাইল বানাচ্ছে। নন-ব্যালিস্টিক এইসব অস্ত্রশস্ত্র তৈরির লক্ষ্যই হল আমাদের মাতৃভূমির নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলে দেওয়া। উল্লেখ্য, ইজরায়েলের বহুচর্চিত ‘আয়রন ডোম’ ডিফেন্স সিস্টেমের ধাঁচে আমেরিকা এবার নেক্সট জেনারেশন ‘গোল্ডেন ডোম’ গড়ার সিদ্ধান্ত নিয়েছে। তা নিয়েই আর্মড সার্ভিসেস সংক্রান্ত মার্কিন সেনেট কমিটির শুনানিতে আমেরিকার ভূখণ্ডে মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থার হতশ্রী দশা নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন এই পেন্টাগন কর্তা।



