ওয়াশিংটন: শুল্কযুদ্ধের জেরে ইতিমধ্যেই ভারত-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে। এই অবস্থায় ভারতের শত্রু পাকিস্তানের সঙ্গে বন্ধুত্বের পথ প্রশস্ত করতে মরিয়া ট্রাম্প প্রশাসন। এবার পাকিস্তানের বিদ্রোহী গোষ্ঠী বালোচ লিবারেশন আর্মি (বিএলএ) ও তাদের শাখা সংগঠন মাজিদ ব্রিগেডকে বিদেশি জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা করল আমেরিকা। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও প্রেস বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৯ সাল থেকেই বিভিন্ন বিস্ফোরণ ও আত্মঘাতী হামলার ঘটনায় দায় স্বীকার করেছে বিএলএ ও মাজিদ ব্রিগেড। বিগত বেশ কয়েক বছর ধরে তাদের কার্যকলাপের উপর আমেরিকা নজর রেখেছে। লাগাতার তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপ এক দেশের সাধারণ নাগরিক সমাজকে অস্থির করে তুলছে। সেই কারণেই এবার তাদের সক্রিয়তা বন্ধ করতে আমেরিকা পদক্ষেপ করবে। অন্য দেশের কাছেও এই মর্মে আহ্বান জানানো হবে। চলতি বছরেরই মার্চে পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারগামী ট্রেন হাইজ্যাক করে বিএলএ। ওই ঘটনায় নিরাপত্তাকর্মী সহ ৩১ জন সাধারণ নাগরিক প্রাণ হারান। বন্দি করা হয় অন্তত ৩০০ জনকে।



