নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রবীন্দ্র সরোবরে এ বছর ছট পুজোর অনুমতি দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পল। বুধবার সকালে এই ইচ্ছাপ্রকাশ করেন। তারপরই সরব হন পরিবেশকর্মীরা। তাঁরা মনে করিয়ে দেন, গ্রিন ট্রাইবুনালের নির্দেশের কথা। এরপর বুধবার বিকালেই মন্ত্রী বয়ান বদলে বিকল্প ব্যবস্থার কথা জানান।
দূষণের কারণে প্রায় ন’বছর ধরে আদালতের নির্দেশে রবীন্দ্র সরোবরে ছট পুজো বন্ধ রয়েছে। তবে অগ্নিমিত্রাদেবী বলেছেন, ‘রবীন্দ্র সরোবরে ভাবছি এবার ছট পুজো করতে দেব। ওখানকার মানুষরা কোথায় পুজো করবেন? কিন্তু হ্যাঁ, ওখানে আমাদের লোক থাকবে। ছট পুজোয় জলে পা ডুবিয়ে প্রদীপ জ্বালানো হয়। মুখ্যমন্ত্রীরও ইচ্ছে ওখানে এবার ছট পুজো করি। আমরা গ্রিন ট্রাইবুনালের সঙ্গে কথা বলব। নিশ্চয় কোনো রাস্তা থাকবে। কোনো ময়লা করা হবে না।’ মন্ত্রীর এ হেন মন্তব্য প্রকাশ্যে আসতেই পরিবেশ কর্মী নব দত্ত বলেন, ‘গ্রিন ট্রাইবুনালের নির্দেশ আছে। রবীন্দ্র সরোবর, সুভাষ সরোবর বদ্ধ জলাশয়। কিছু ঘটলে জলদূষণ হবে। গোটা বাস্তুতন্ত্রে তার প্রভাব পড়বে। এতবছর ধরে তো জায়গাগুলি বন্ধ আছে। এটা হলে তা পরিবেশের স্বার্থে হবে না। ঐতিহাসিক ঘটনা ঘটবে।’
এরপর এদিন বিকেলের দিকে যোধপুর পার্ক এলাকায় অগ্নিমিত্রাদেবী একটি জলাশয় পরিদর্শনে যান, সেখানে বলেন, ‘এই জলাশয়টি রবীন্দ্র সরোবরের কাছে। যদি রবীন্দ্র সরোবরের অনুমতি না পাওয়া যায়, অবাঙালিদের জন্য দক্ষিণ কলকাতায় ৫০টি জলাশয়ের ব্যবস্থা থাকছে। ন্যাশনাল গ্রিন ট্রাইবুনালের একটি অর্ডার আছে। বাস্তুতন্ত্রের কথা ভেবে সে অর্ডার দেওয়া হয়েছিল। আমার লিগ্যাল সেল বিষয়টি দেখছে। পরিবেশের বিষয়টি আমরা অগ্রাধিকার দেব।’



