Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

ওয়াকফ বিল নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেনের ভোট নিয়ে শোরগোল

কেন্দ্রের সরকারের পেশ করা ওয়াকফ বিলের উপর ভোটাভুটিতে রাজ্যসভায় বাতিল হয়েছে তৃণমূল সাংসদ দোলা সেনের ভোট।

ওয়াকফ বিল নিয়ে তৃণমূল সাংসদ দোলা সেনের ভোট নিয়ে শোরগোল
  • ৮ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কেন্দ্রের সরকারের পেশ করা ওয়াকফ বিলের উপর ভোটাভুটিতে রাজ্যসভায় বাতিল হয়েছে তৃণমূল সাংসদ দোলা সেনের ভোট। এমনই একটি খবর সামনে আসায় শোরগোল পড়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। একটি গুরুত্বপূর্ণ বিলের উপর ভোটাভুটির সময় কেন সচেতন থাকলেন না তৃণমূল সাংসদ, তা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে দলের অন্দর থেকে। বিষয়টি বিজেপি শিবিরের নজরে আসায়, তারাও সরব হয়েছে।

Advertisement

বস্তুত, দেশজুড়ে বহুল চর্চিত ওয়াকফ বিল পাস হয়েছে সংসদে। কেন্দ্রের পেশ করা এই বিল নিয়ে আলোচনা হয় সংসদের উভয় কক্ষে। লোকসভা এবং রাজ্যসভায় এই বিলের উপর ভোটাভুটি হয়। রাজ্যসভার তৃণমূল সাংসদ সুব্রত বক্সি শারীরিক অসুস্থতার কারণে অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন না। কিন্তু সুব্রত বক্সির নির্দিষ্ট আসনে বসে অপর তৃণমূল সাংসদ দোলা সেন ভোট দিয়েছেন বলে খবর।  নিজের আসন ছেড়ে দোলা সেন সেখানে বসেছিলেন বলে জানা গিয়েছে। আর তার জেরেই দোলার ভোট বাতিলের খবর পাওয়া যায়। সংসদীয় রাজনীতি কারবারিদের খবর, নিজের আসন ছেড়ে অন্য আসনে বসে ভোট দিলে তা বাতিল বলে গণ্য করা হয়। বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, ওয়াকফ বিলের বিরোধিতা তৃণমূলের সকলে করেছে। কিন্তু প্রত্যেকে আড়ালে জানেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই বিল কতটা প্রাসঙ্গিক। আর এটা ভাবতে ভাবতেই দোলা সেন অন্য আসনে বসে পড়েছেন। যদিও ভোট বাতিল হওয়ার কোনও ঘটনা ঘটেনি বলে দাবি করেন তৃণমূল সাংসদ দোলা সেন। টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমি নিজের আসনে বসে ভোট দিয়েছি। অন্য কারও আসনে বসে দিইনি। আমার ভোট বাতিল হয়নি। ভোট বাতিলের কথা আগে শুনিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ