নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আরজি কর আর্থিক দুর্নীতি মামলায় আগেই সুপ্রিম কোর্টে জামিন পেয়েছেন সন্দীপ ঘোষ। এবার প্রাক্তন ভেন্ডার সুমন হাজরারও জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্ট। যেহেতু মূল অভিযুক্ত সন্দীপ ঘোষ আগেই জামিন পেয়েছেন। তাই সুমন হাজরাকে হেফাজতে রাখার কোন প্রয়োজন নেই এই যুক্তিতেই সুমনের জামিন মঞ্জুর করল বিচারপতি।
উল্লখ্য, ২০২৪ সালের ২ সেপ্টেম্বর আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় সুমন হাজরাকে গ্রেপ্তার করে সিবিআই। হাসপাতালের চিকিৎসা সরঞ্জাম সরবরাহের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তদন্তকারীদের দাবি, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিলেন সুমন।
অন্যদিকে, চলতি মাসের ১৬ তারিখে আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে শর্ত সাপেক্ষ জামিন দেয় সুপ্রিমকোর্ট। সিবিআইয়ের আর্থিক দুর্নীতির মামলায় কলকাতা হাইকোর্ট গত ২৩ ফেব্রুয়ারি সন্দীপ ঘোষের জামিনের আবেদন খারিজ করেছিল। তবে সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি প্রসন্ন বি ভারালের ডিভিশন বেঞ্চ চলতি মাসেই তাঁর জামিন মঞ্জুর করে।



