নয়াদিল্লি: ইউপিআইয়ে দু’হাজার টাকা পর্যন্ত লেনদেনে কোনো মাশুল দিতে হবে না। সোমবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল কেন্দ্র। এদিন অর্থ মন্ত্রকের জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইউপিআই ও রুপে ডেবিট কার্ডে লেনদেনের ক্ষেত্রে প্রেরক বা গ্রাহক—কারও থেকেই মাশুল নেওয়া যাবে না বলে ব্যাংক ও আর্থিক পরিষেবা সংক্রান্ত সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে ২ হাজার টাকার বেশি লেনদেনের ক্ষেত্রে মাশুলের বিষয়ে ওই বিজ্ঞপ্তিতে কিছু বলা হয়নি। সম্প্রতি সংসদে পাস হয় ট্যাক্সেশন অ্যান্ড আদার ল’জ (অ্যামেন্ডমেন্ট) বিল। তাতে নির্দিষ্ট অর্থের ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট চালুর প্রস্তাব দেওয়া হয়। জল্পনা ছড়ায়, এবার থেকে ইউপিআই লেনদেনে মাশুল গুনতে হতে পারে। তবে ২ হাজার টাকা পর্যন্ত লেনদেনে স্বস্তির কথা শোনাল কেন্দ্র।



